ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মাদ্রাসা শিক্ষকদের আহ্বান সচিবের

শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান বলেছেন, ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম ও পারস্পরিক শ্রদ্ধা নিয়ে মাদ্রাসা শিক্ষকদের কাজ করতে হবে। সকল ধর্মের মানুষের মধ্যে বন্ধন জোরদার করতে তাদের আরও বেশি ভূমিকা রাখতে হবে।
রবিবার (১৭ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সকালে জুমে যুক্ত হয়ে মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক সময়ে সনাতন ধর্মাবলম্বীদের পূজা অনুষ্ঠানে সংঘটিত সহিংসতা প্রসঙ্গে সচিব বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দেখে ষড়যন্ত্রকারীরা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টায় অপপ্রচার চালাচ্ছে। মাদ্রাসা শিক্ষকদের এ বিষয়ে শুধু সচেতন হলেই চলবে না তাদেরকে সঠিক নেতৃত্ব দিতে হবে।
সভায় দেশের ৩০০টি মাদ্রাসার শিক্ষক যুক্ত ছিলেন।
আমিনুল ইসলাম মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকারের বহুমুখী উদ্যোগ ও প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়ণের বিষয়ে মাদ্রাসা শিক্ষকদের অবহিত করেন।
এসএম