মাদ্রাসাগুলো সাম্প্রদায়িকতা ছড়ানোর আতুর ঘর: বিচারপতি মানিক
ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি শামসুদ্দীন আহমেদ মানিক বলেছেন, মাদ্রাসাগুলো সাম্প্রদায়িকতা ছড়ানোর আতুর ঘর। এই মাদ্রাসাগুলোকে অবশ্যই সরকারের নিয়ন্ত্রণে আনতে হবে। একটি দেশে দুই ধরনের পড়াশোনা চলতে পারে না।
তিনি বলেন, এটা ধর্ম ব্যাবসায়ীদের দেশ না। কারণ তারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। একাত্তরে তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছে। তাই তাদের উচিত এদেশ ছেড়ে চলে যাওয়া। একাত্তরে তাদের একবার পরাজিত করেছি আবারও তাদের পরাজিত করতে হবে।
সোমবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে সাম্প্রদায়িকতা বিরোধী এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দীন আহমেদ মানিক বলেন, কুমিল্লার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী অদ্ভুত কথা বললেন-ইকবাল নাকি মাতাল, মাদকসেবী। তিনি কি বিএনপির পক্ষে কথা বললেন নাকি জামাতের পক্ষে। তিনি যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলতেন, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন। তাহলে তিনি কখনই বলতে পারতেন না এই ইকবাল মাতাল।
সম্প্রতি শারদীয় দূর্গাপূজায় কুমিল্লা চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার প্রতিবাদে -সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও এই শ্লোগানকে সামনে রেখে এক সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী প্রতিবাদী সমাবেশের আয়োজন করে সামাজিক প্রতিরোধ কমিটি।
এমবি