ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news

প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে যা থাকছে

প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে যা থাকছে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাষ্ট্রীয় সফরে আগামী বুধবার (২২ ডিসেম্বর) মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষাসহ কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ তথ্য জানান।


প্রধানমন্ত্রীর সফরসূচি তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২২ ডিসেম্বর বিশেষ ফ্লাইটযোগে প্রধানমন্ত্রী মালেতে অবতরণ করবেন এবং বিমানবন্দরে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানাবেন মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

পরের দিন (২৩ ডিসেম্বর) সকালে প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। তখন তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। প্রেসিডেন্সিয়াল প্রাসাদে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে কয়েকটি চুক্তি/সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে (সম্ভাব্য তালিকা সংযুক্ত)।

মোমেন জানান, সফরকালে প্রধানমন্ত্রীর সাথে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, স্পিকার ও প্রধান বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী মালদ্বীপের পার্লামেন্টেও বক্তব্য দেবেন বলে আশা করা যায়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি কুশল বিনিময় করবেন। একই দিন রাতে মালদ্বীপের রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. জাহিদ মালেক, সেনাপ্রধান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, পররাষ্ট্র সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপযুক্ত কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের কর্মকর্তারা যুক্ত হওয়ার কথা রয়েছে।

আগামী ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন