নভেম্বরে কমতে পারে ডেঙ্গুর প্রকোপ

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক নাজমুল ইসলামের ধারণা, নভেম্বর মাসের শুরুতে ডেঙ্গুর প্রকোপ কমে আসতে পারে।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস ট্রান্সমিটেড ডিজিজেস (এটিডিএস) নিয়ন্ত্রণ কর্মসূচির এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক নাজমুল ইসলাম বলেন, ডেঙ্গুর প্রকোপ এ মাসের শেষ থেকে আগামী মাসের (নভেম্বর) শুরুতে কমে আসবে বলে আমাদের প্রত্যাশা।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি মশার প্রজনন ক্ষেত্র যেগুলো আছে, বর্জ্য ব্যবস্থাপনায় যার যা করণীয় সবাই যদি যথাযথভাবে তা পালন করেন তাহলে অবশ্যই এটি সহনীয় অবস্থায় থাকবে।
বর্জ্য ব্যবস্থাপনা, আঙ্গিনা পরিষ্কার এবং বৃষ্টিপাত যেগুলো মশার প্রজননে সহায়ক ভ‚মিকা পালন করে সেগুলো যদি না থাকে তাহলে কমে আসবে। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির পেছনে অনেকগুলো কারণ কাজ করেছে জানিয়ে নাজমুল ইসলাম স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক বলেন, এ বছর বর্ষা এসেছে দেরিতে। থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। এই বিষয়গুলো ডেঙ্গু বাড়াতে কাজ করেছে।
এএজে