ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

১৫ উপকূলীয় জেলায় ৫ ফুটেরও বেশি উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা

১৫ উপকূলীয় জেলায় ৫ ফুটেরও বেশি উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি ঘণীভূত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ১৫ উপকূলীয় জেলায় ৫ ফুটেরও বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে।

রোববার (২৩ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন- পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় (অক্ষাংশ: ১৫.৫° উত্তর, দ্রাঘিমাংশ: ৮৯.২° পূর্ব) অবস্থান করছে।

এটি রোববার (২৩ অক্টোবর) সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কি.মি. দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৩০ কি.মি. দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৭৫ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্ব্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কি.মি. পর্যন্ত বাড়ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

গভীর নিম্নচাপটির বর্ধিতাংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ৪০-৫০ কি.মি. বেগে দমকা/ ঝড়ো বাতাস বয়ে যেতে পারে, সেই সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গভীর নিম্নচাপটির বর্ধিতাংশ, অমাবশ্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলা হয়েছে।

এদিকে গভীর নিম্নচাপের ফলে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে।

গভীর নিম্নচাপটি আরও ঘণীভূত হলে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে সিত্রাং। থাইল্যান্ডের দেওয়া নাম সিত্রাং শব্দের ভিয়েতনামিজ ভাষায় অর্থ ‘পাতা’।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন