ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

ডিএমপি কমিশনার হলেন গোলাম ফারুক

ডিএমপি কমিশনার হলেন গোলাম ফারুক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুককে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৩ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন এই প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক ডিএমপির ৩৫তম কমিশনার হিসেবে নিয়োগ পেলেন। এর ফলে তিনি মোহা. শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা গোলাম ফারুকের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে। তাঁর বাবার নাম মৃত খন্দকার হায়দার আলী। ছাত্রজীবনে গোলাম ফারুক উচ্চমাধ্যমিক পর্যন্ত গ্রামেই ছিলেন। সেখানে পড়াশোনা করেন ইব্রাহীম খাঁ সরকারি কলেজে।

ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পেতে যাওয়া পুলিশের এই কর্মকর্তা বর্তমানে পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ডিএমপির অতিরিক্ত কমিশনার, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ছিলেন। এছাড়া ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঝালকাঠি ও ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মেধাবী ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত গোলাম ফারুক পুলিশে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ দুইবার 'বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)' এবং একবার 'রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)' পেয়েছেন। ২০২০ সালের ৯ নভেম্বর তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান।

এর আগে ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহা. শফিকুল ইসলাম। ২০২১ সালের ২১ অক্টোবর তাকে চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। পরে তা বাতিল করে একই মাসের ২৮ তারিখে একবছরের জন্য ডিএমপি কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

গত ১৯ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী ৩০ অক্টোবর থেকে শফিকুল ইসলামকে অবসরে পাঠানোর কথা জানানো হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন