ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

বিরোধী দলগুলোর সাথে বসুন, প্রধানমন্ত্রীকে ডা. জাফরুল্লাহ

বিরোধী দলগুলোর সাথে বসুন, প্রধানমন্ত্রীকে ডা. জাফরুল্লাহ
বক্তব্য দিচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘সংঘাতের দিকে না গিয়ে সংলাপের দিকে যান। সংলাপ ছাড়া এদেশের মানুষের মুক্তি নেই। সংলাপ দেশকে সুশাসনের দিকে নিয়ে যাবে। বিরোধী দলগুলোর সাথে বসুন।’ 

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ১৭ নভেম্বর মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দেশের সুশাসনের জন্য বিরোধী দলগুলোর সাথে আলাপ-আলোচনা করেন। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আমরা আপনার ভালো চাই। কিন্তু আপনাকেও নিজের ভালো চাইতে হবে। আপনি নিজের ভালো বুঝতে পারছেন না।’ 

এ সময় তিনি মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীকে জাতীয় দিবস ঘোষণার দাবি জানান।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন