ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা
  • হারিয়ে যাচ্ছে পাড়েরহাটের বাজপাই জমিদার বাড়ি

    হারিয়ে যাচ্ছে পাড়েরহাটের বাজপাই জমিদার বাড়ি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের পাড়েরহাটের ঐতিহ্যবাহী বাজপাই জমিদার বাড়িটি হারিয়ে যেতে বসেছে। জমিদার প্রথা বিলোপের পর থেকে জমিদার বাড়িটিও ম্রিয়মাণ! একটা সময় রাজা-প্রজা, পাইক-পেয়াদায় মুখরিত বাড়িতে এখন শুধুই নীরবতা। সংস্কার ও সংরক্ষণের অভাবে বাড়িটি ধ্বংসের দ্বারপ্রান্তে। 

    স্থানীয়রা বাড়িটি সংস্কারের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, রাজবাড়িটি সংস্কার ও সংরক্ষণ হলে ভালো একটি পর্যটনকেন্দ্র হতে পারে। এতে দর্শনার্থীরা যেমন ঘুরে দেখতে পারবে; তেমনই রাজা বা জমিদারদের সঠিক ইতিহাসও জানার সুযোগ হবে।

    ব্রিটিশ শাসনামলে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট মৎস্য বন্দরে গড়ে ওঠে রাজবাড়িটি। তৎকালীন এ অঞ্চলের জমিদার ছিলেন সূর্য প্রসন্ন বাজপাই। তাকে লোকজন ভালোবেসে পাড়ের বাবু নামেও ডাকতেন। তিনিই এখানে গড়ে তোলেন কাচারিবাড়ি, নিজের সভা ও শয়নকক্ষ।

    জমিদারের উত্তরসূরিরা বর্তমানে ভারতের লাহারাবাদে আছেন। তারা এখানে এই বাড়িতে আর আসেননি। জমিদার সূর্য প্রসন্ন বাজপাই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির চাচা ছিলেন। জমিদার বাড়িটি বর্তমানে সরকারের খাস খতিয়ানের অন্তর্ভুক্ত।

    সরেজমিনে দেখা গেছে, জমিদার বাড়িটির সামনে দক্ষিণ-পূর্ব প্রান্তে দিয়ে চলে গেছে একটি রাস্তা। সামনেই একটি পুকুর। তার পাশেই উত্তর-পূর্ব প্রান্তে পাড়েরহাট পোস্ট অফিস। দক্ষিণ প্রান্তে একটি প্রাথমিক বিদ্যালয়।

    মৎস্য ব্যবসায়ীরা এখানে মাছ বিক্রি করতে এলে জমিদার বাড়িটিতে চোখ বুলিয়ে যান। অন্য এলাকা থেকে আসা অনেকেই স্থানীয় লোকজনের কাছে জানতে চান এ বাড়ির ইতিহাস। দুই একর জমির ওপর নির্মিত এ প্রাসাদের দেয়াল, ইট ও ছাউনি টালি দিয়ে তৈরি। বাড়িটির কোনো কোনো ভবনের ছাদ এখন আর নেই। কোনো কোনো ভবন ছেয়ে গেছে লতা-পাতা-গাছে।

    রাজবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাফায়েত বলেন, জমিদারের এই চিহ্ন মুছে যাওয়ার পথে। এটাকে সংস্কার করে পর্যটনকেন্দ্র করা হোক। পর্যটনকেন্দ্র হলে এলাকাবাসীসহ দেশ উপকৃত হবে।  

    স্থানীয় দোকানদার মিলন কুমার দাস বলেন, আগে এখানে অনেক কিছু ছিল। সবকিছু নষ্ট হয়ে গেছে। আমার ঘরবাড়ি না থাকায় এখানে বহু বছর ছিলাম। যখন থাকার মতো পরিস্থিতি আর ছিল না তখন নেমে এসেছি।

    স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম মিঠু বলেন, ২০০২ সালে এটা সংস্কার হওয়ার কথা ছিল। বারবার এসে মাটি পরীক্ষা করা হয়েছে। সবই ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। হাসপাতাল ও পার্ক করার কথা বলে মাপা হয়, কিন্তু কিছুই হয় না। এগুলো ভাঙার পরে সবকিছু অফিসে জমা দেওয়া হয়েছে।

    তিনি বলেন, পাড়েরহাট এত বড় একটা বন্দর, এখানে একটা হাসপাতাল হলে ভালো হয়। পাড়েরহাটের রাজবাড়িটা আমাদের একটা ঐতিহ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাড়িটির দায়িত্ব না নেন তাহলে এটা ধ্বংস হয়ে যাবে।

    সরকারি সোহরাওয়ার্দী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. নাইমুর হোসেন বলেন, কয়েক দিন আগে রাতে বাড়ির একটা অংশ বৃষ্টির কারণে ধসে গেছে। যদি সেখানে কোনো মানুষ থাকত তাহলে সে তো মারাই যেতো। এটা আমাদের পাড়েরহাটের একটা ঐতিহ্য। নতুন প্রজন্ম যারা আছে তারা এ সম্পর্কে জানে না। এটা সংরক্ষণ করা গেলে ট্যুরিস্ট স্পট হতো। এলাকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আরও ভালো জানা যেত।

    পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, পাড়েরহাটের জমিদার বাড়িটি একটি ঐতিহাসিক স্থান। এখানে ভ্রমণপিপাসু মানুষ ভ্রমণ করে থাকেন। মূলত জমিদার বাড়িটি অনেক পুরাতন। আমি এটি পরিদর্শন করেছি। অনেক জায়গা নিয়ে এই জমিদার বাড়িটি রয়েছে। জমি আছে, পুকুর আছে, একটি পুরাতন ভবন রয়েছে। পাশের একটি ভবনে ভূমি অফিসের কার্যক্রমও চলমান। আমরা এটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছিলাম। তবে এটির জন্য আরও বড় উদ্যোগ প্রয়োজন। এ জন্য প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে বাড়িটি সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ