মঠবাড়িয়ায় অস্ত্র ও ককটেলসহ ডাকাত সরদার গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. দুলাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল ও লাল রঙের কসটেপ দিয়ে মোড়ানো ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দুলাল মিয়া মঠবাড়িয়া উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আব্দুল খালেক সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামে অভিযান পরিচালনা করে ডাকাত সরদার দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশিকালে তার হাঁসের ঘরের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগের ভেতর থেকে একটি ম্যাগাজিন ব্যতীত পিস্তল এবং ৬টি ককটেল সদৃশ বস্তু জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মো. দুলাল মিয়ার বিরুদ্ধে ঝালকাঠি জেলায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির মামলা ছাড়াও একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দুলাল মিয়া আন্তজেলা ডাকার দলের সর্দার। গতকাল রাতে তাকে গ্রেফতারের পরে তার কাছ থেকে অস্ত্র এবং ককটেল উদ্ধার দরকার হয়। তার নামে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। অস্ত্র ও ককটেল উদ্ধারের ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
এইচকেআর