পিরোজপুরে সাবেক পুলিশ সদস্যের স্ত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

পিরোজপুরের কাউখালীতে নিজ বসতঘর থেকে সাবেক পুলিশ সদস্যের স্ত্রী জেসমিন বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকান্দা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঘরের একটি খাটের ওপর জেসমিন বেগমের বিবস্ত্র মরদেহ পড়ে ছিল। এ সময় ঘরের বিভিন্ন মালামাল ছড়িয়ে-ছিটিয়ে ও এলোমেলো অবস্থায় পাওয়া যায়।
স্থানীয়রা জানান, সকালে এক কিশোর ওই বাড়িতে সুপারি পাড়তে যায়। সেখানে গিয়ে সে জেসমিন বেগমকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পায়নি। পরে ঘরের পেছনের দিকে গিয়ে ভেতরে খাটের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি জানায়।
পুলিশ জানায়, জেসমিন বেগমের স্বামী কেরামত আলী পুলিশে চাকরি করতেন। অবসর নেওয়ার পর তিনি মারা যান।
খবর পেয়ে জেলা পুলিশ সুপার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং থানা-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এইচকেআর