সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর বর্জ্য আর অভিশাপ থাকবে না:বিসিসি প্রশাসক

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেছেন বরিশালকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা আমাদের অগ্রাধিকার। প্র্যাকটিক্যাল অ্যাকশনের সঙ্গে এই সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর বর্জ্য আর অভিশাপ থাকবে না, বরং তা সম্পদে পরিণত হবে। আমরা শিগগিরই এর প্রায়োগিক কাজ শুরু করতে চাই।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ বা সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পরিবেশগত উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা ‘প্র্যাকটিক্যাল অ্যাকশন’র সঙ্গে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক, বিসিসির স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের প্রতিনিধিদল।
সভায় বরিশালের ক্রমবর্ধমান বর্জ্যকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণ এবং এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
সভায় মূল দিকগুলো ছিল বর্জ্য পৃথকীকরণ: উৎসস্থলেই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার পদ্ধতি। সম্পদে রূপান্তর: বর্জ্য থেকে জৈব সার এবং প্লাস্টিক বর্জ্য থেকে পুনঃব্যবহারযোগ্য পণ্য বা জ্বালানি উৎপাদনের সম্ভাবনা। পরিবেশ উন্নয়ন: ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা এবং খোলা স্থানে ময়লা ফেলা বন্ধ করে আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপন।
এইচকেআর