ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

Motobad news

৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
ছবি সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

২০২৭ সালের জন্য প্রায় ৮ হাজার ১০ কোটি টাকার ডিজেল, হাই সালফার ফার্নেস অয়েল ও অকটেন আমদানির চারটি প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। 

বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কমিটির ৫৪তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়। সভায় চারটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ পেয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য  জানিয়েছে। 

সভা সূত্রে জানা যায়, সভায় ২০২৭ সালের জানুয়ারি-জুন সময়ে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় পিজি-০৩/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় ০.০০৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল বা ডিজেল (±১০ শতাংশ) আমদানিতে ব্যয় হবে প্রায় ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। এ প্যাকেজে সরবরাহকারী হিসেবে সুপারিশ পেয়েছে ট্রাফিগুরা পিটিই লিমিটেড।

একই প্রতিষ্ঠান থেকে পিজি-০৪/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় আরও ডিজেল আমদানির প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা।

এ ছাড়া পিজি-০৫/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় ১৮০ সিএসটি হাই সালফার ফার্নেস অয়েল (±১০ শতাংশ) আমদানিতে ব্যয় হবে প্রায় ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। এ প্যাকেজেও সরবরাহকারী হিসেবে সুপারিশ পেয়েছে ট্রাফিগুরা পিটিই লিমিটেড।

অন্যদিকে পিজি-০৬/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় গ্যাসোলিন ৯৫ আনলেডেড বা অকটেন (±১০ শতাংশ) আমদানিতে ব্যয় হবে প্রায় ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। এ প্রস্তাবে সুপারিশকৃত দরদাতা ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।

সভায় চারটি প্রস্তাবই অনুমোদনের জন্য সুপারিশ করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা। 


এইচকে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন