ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

নূর হোসেন ও তার সহযোগীদের বিচার শুরু

নূর হোসেন ও তার সহযোগীদের বিচার শুরু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন, তার ভাই-ভাতিজাসহ ১১ জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। দীর্ঘ আট বছর পর রোববার অভিযোগ গঠনের মধ্য দিয়ে জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমানের আদালতে এই মামলার বিচারকাজ শুরু হয়েছে বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনিরুজ্জামান বুলবুল জানান।

এই সময় নূর হোসেনসহ মামলার অন্য আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন। এর আগে সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়।

এর আগে গত ৪ আগস্ট নূর হোসেনকে একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে দায়ের করা আটটি মামলার মধ্যে দুটি অস্ত্র মামলায় এরই মধ্যে তার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছে। চাঁদাবাজির চারটি মামলার মধ্যে তিনটিতে খালাস পেয়েছেন নূর হোসেন ও তার সহযোগীরা। অস্ত্র, মাদক ও চাঁদাবাজির অপর তিনটি মামলা চলমান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মনিরুজ্জামান বুলবুল বলেন, ২০১৪ সালের ২৯ মে পুলিশ সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় নূর হোসেনের নিয়ন্ত্রিত ট্রাকস্ট্যান্ডের পেছন থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল, দেশি অস্ত্র উদ্ধার করে। ওই বছরের ১৯ অক্টোবর এ মামলায় সিটি করপোরেশনের (নাসিক) সাবেক কাউন্সিলর নূর হোসেন, তার ভাই নাসিকের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নূর উদ্দিন, তার ভাতিজা ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদলসহ ১১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন