ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

সাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’, বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা

সাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’, বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 বঙ্গোপসাগরে  আবারো সৃষ্টি হতে যাচ্ছে ঘূর্ণিঝড় । এরই মধ্যে লঘুচাপটি ক্রমে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে শুক্রবার (১৭ নভেম্বর) সকালে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান জানান, শুক্রবার সকালের দিকে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি উত্তর ও উত্তর-পূর্বে বাংলাদেশের দিকেই এগোচ্ছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এটি শনিবার (১৮ নভেম্বর) শেষ রাত থেকে সকাল নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।

‘এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে মিধিলি। এটি একটি সাধারণ সাইক্লোন হবে। এটি খুব দ্রুত ঘনীভূত হয়েছে। অল্পসময়ের মধ্যে লঘুচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এবং এটি এগোনোর গতিও বেশি। শুক্রবার সকালের মধ্যে এটি ঘূর্ণিঝড়ের পরিণত হলে, পরবর্তী ১৮ ঘণ্টার মধ্যে তা উপকূল অতিক্রম করতে পারে।’

আজিজুর রহমান বলেন, ‘গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে সতর্ক সংকেত বাড়বে। সংকেত বেড়ে পাঁচ, ছয়, সাত পর্যন্ত যেতে পারে।’

এটি খুলনা ও বরিশালের মাঝখান দিয়ে উপকূল অতিক্রম করতে পারে জানিয়ে তিনি বলেন, তবে এটি যে কোন সময় গতিপথ পরিবর্তনও করতে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, ‘গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে, আপাতত আমরা সেটি দেখতে পাচ্ছি। কারণ এটি আরও ঘনীভূত হবে। এ বিষয়ে তথ্য বিশ্লেষণ চলছে, দুপুরের পর অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে।’

 


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন