ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

‘বিদেশি পর্যবেক্ষকরা কোনো চাপ তৈরি করছে না’

‘বিদেশি পর্যবেক্ষকরা কোনো চাপ তৈরি করছে না’
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিএনপি নির্বাচনে অংশ নিতে চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। আর তারা এলে তফসিলের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশিদা সুলতানা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক প্রস্তুতি সভা মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি রাশিদা সুলতানা এ কথা জানান।  

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এ প্রস্তুতি সভার আয়োজন করে।

ইসি রাশিদা সুলতানা বলেন, নির্বাচন কমিশন তার নিয়মতান্ত্রিক কাজ করছে। এখন কোনো রাজনৈতিক দলের ইচ্ছা না থাকলে তাদের আমরা কীভাবে নির্বাচনে আনব। কেউ যদি না আসে, সেজন্য যে নির্বাচন হবে না, এমন কিন্তু আইনি কোনো বাধা নেই।

এ সময় তিনি আরও বলেন, বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচনী পরিবেশ দেখতে আসতে শুরু করেছেন। বিদেশি পর্যবেক্ষকরা কোনো চাপ তৈরি করছে না। বরং কমিশন মনে করছে, বিদেশি পর্যবেক্ষকরা এলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে। তবে ভোটারদের ভোটকেন্দ্রে আনার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। প্রার্থীদেরই এই দায়িত্ব নিতে হবে৷

এছাড়া সংসদ সদস্যরা পদত্যাগ না করে নিজ দলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন না উল্লেখ করে ইসি রাশিদা সুলতানা বলেন, বিধিমতে দলীয় কোনো সংসদ সদস্য স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তাকে আগে পদত্যাগ করতে হবে। না হলে তিনি নির্বাচন করতে পারবেন না। আর প্রার্থী না হতে পেরে কেউ নাশকতামূলক কাজ করলে আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষই হবে। নিরপেক্ষ নির্বাচন করতে এবং প্রর্থীদের আচরণবিধি মেনে চলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ নির্দেশনা না মানলেই ব্যবস্থা নেবে কমিশন।

প্রস্তুতিমূলক এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।  

এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

প্রস্তুতিমূলক এ সভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও থানা পুলিশের অফিসার্স ইনচার্জসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন