ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীর ব্যক্তিগত আলাপের ভিডিও কল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জেরে হামলায় একই বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নভোথিয়েটারের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় ববির গণিত বিভাগের একদল শিক্ষার্থী জড়িত বলে অভিযোগ উঠেছে।
আহতদের মধ্যে কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ক্যাম্পাস সাংবাদিক আবু উবাইদা, আব্দুল কাদের জীবনসহ একই বিভাগের ৮ জন শিক্ষার্থী।
অন্যান্য আহতরা হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অমিও মন্ডল, রিপন মন্ডল, নাহিদ ইসলাম, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আব্দুল কাদের ইমন। লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তানজিল, সিএসই বিভাগের সিফাত, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগের মারুফ, ইংরেজি বিভাগের আহনাফ আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ফেসবুক পেইজে গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরফান সিফাত ও একজন ববি ছাত্রীর ব্যক্তিগত আলাপের ভিডিও কলের দৃশ্য প্রকাশের অভিযোগ ওঠে। এ ভিডিও প্রকাশের পিছনে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং ক্যাম্পাস সাংবাদিক আবু উবাইদা জড়িত বলে অভিযোগ ওঠে। এ অভিযোগের জেরে কথা বলার জন্য ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু উবাইদা এবং সাংবাদিক আব্দুল কাদের জীবনকে নভোথিয়েটারের সামনে ডেকে নেওয়া হয়। এরপর সিফাতের নেতৃত্বে তাদের ওপর মারধর করা হয়।
এ খবর পেয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একদল শিক্ষার্থী ঘটনাস্থলে আসে। তাদেরকেও আটকে রেখে দীর্ঘক্ষণ মারধর করা হয় বলে অভিযোগ। এ সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকপ্রশাসন, কোস্টাল এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা বাঁধা দিতে গেলে তাদের উপর লাঠিসোটা দিয়ে মারধর করা হয়। এসময় লাঠি, রড, পাইপ ও ইটপাটকেল নিয়ে গণিত বিভাগের প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থী অংশ নেয় বলে অভিযোগ।
এসময় গণিত বিভাগের শিক্ষার্থীদের হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পাঁচ নেতাকর্মীও আহত হওয়ার অভিযোগ উঠেছে।
বিভিন্ন ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, হামলায় নেতৃত্বে ছিলেন গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আরফান সিফাত ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. হাসান। এছাড়াও একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইমতি, রিয়াজ ও নাইমসহ আরও ৪০-৫০ জন এই নৃশংস হামলায় অংশ নেন।
হাসপাতালে ভর্তি আহত ক্যাম্পাস সাংবাদিক আব্দুল কাদের জীবন বলেন, আমার ওপর ২০-৩০ জন লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করেছে।এখন হাসপাতালে ভর্তি। যারা এই হামলা চালিয়েছে, তাদের দ্রুত সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ ঘটনায় গণিত বিভাগের শিক্ষার্থী আরফান সিফাত ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. হাসানকে একাধিকবার ফোন করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেন নি।
গণিত বিভাগের চেয়ারম্যান ড. বিজয় কৃষ্ণ সাহা বলেন, গণিত বিভাগে ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিষয়টি নিয়ে প্রক্টর অফিসে বসবো। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র উপদেষ্টা এবং সহকারী অধ্যাপক ইমরান হোসেন বলেন, ঘটনা শোনার সাথে সাথেই আমি উপস্থিত হই। আমাদের বিভাগের ৮-৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ববি প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন,আমরা দুই পক্ষ থেকে লিখিত অভিযোগ আহ্বান করেছি। অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।
এইচকেআর