বাবুগঞ্জে মহাসড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে মহাসড়কের পাশের একটি খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত নারীর আনুমানিক বয়স ৫০ বছর। উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গত কয়েকদিন ধরে ওই নারীকে মহাসড়কের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছেন তারা।
প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, মহাসড়কে চলাচলকারী কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় নারীটি আহত হয়ে রাস্তার পাশের খাদে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এটি কেবল স্থানীয়দের ধারণা; মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় উদ্ঘাটন এবং মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে সিআইডির একটি দল কাজ করছে।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পাশাপাশি নিহত নারীর পরিচয় শনাক্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এইচকেআর