বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

মারিয়াম॥
নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধ, সমঅধিকার নিশ্চিতকরণ এবং নারী অধিকার প্রতিষ্ঠায় সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকার জোরদারের আহ্বান জানিয়ে বরিশালে বিভাগীয় নারী সম্মেলন হয়েছে।
শনিবার (১আগস্ট) বিকেলে বরিশাল ব্র্যাক লার্নিং সেন্টারে নারীপক্ষের আয়োজনে এ সম্মেলন হয়। এসময় নারী অধিকার, বৈষম্য, সামাজিক প্রথা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, রাজনৈতিক অংশগ্রহণ এবং প্রয়োজনীয় আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন, নারীপক্ষের সদস্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও কর্মজাল প্রসার কর্মসূচির পরিচালক অ্যাডভোকেট কামরুন নাহার, নারীপক্ষের সদস্য সামিয়া আফরিন এবং শুভ সংগঠনের নির্বাহী পরিচালক ও দূর্বার নেটওয়ার্কের সদস্য হাসিনা বেগম নীলা।
বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে নারীর অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও এখনও পরিবার, সমাজ ও রাষ্ট্রের নানা স্তরে বৈষম্য ও সহিংসতা রয়ে গেছে। নারীর রাজনৈতিক অংশগ্রহণ, অর্থনৈতিক ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর তারা গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও রাষ্ট্রীয় পর্যায়ে নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নারী নির্যাতন প্রতিরোধে বিদ্যমান আইন কার্যকর প্রয়োগ, ভুক্তভোগীদের জন্য নিরাপদ সহায়তা ব্যবস্থা গড়ে তোলা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদারের আহ্বান জানান তারা।
সম্মেলনে বিভিন্ন জেলা থেকে নারী সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। সম্মেলন শেষে নারী অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে সরকার, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এইচকেআর