বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোমবার (৩ আগস্ট) সকাল ৬টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, এতে ঘটনাস্থলে থাকা শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি ও নাতি ফাহিম অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করে। পুলিশ আলামত সংগ্রহ করেছে বলে জানা গেছে।
শাহ আলম হাওলাদারের ছেলে জামাল বলেন, ঘরের পাশে থাকা বালুর বস্তার মধ্যে একটি বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে আমার মা সহ বোন ভাগিনার শরীরে আগুন ধরে যায়। পরে ঘরের সামনে থাকা তুলাতলা নদীতে তারা ঝাঁপিয়ে পড়ে। তবে তাদের শরীরের সব কাপড় পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। তবে বোমা কোথা থেকে আসলো এ বিষয়ে আমাদের কিছুই জানা নেই।
বাকেগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।’
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।
এইচকেআর