ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

Motobad news

ঢাকাগামী লঞ্চে কন্যাশিশু রেখে উধাও বাবা

ঢাকাগামী লঞ্চে কন্যাশিশু রেখে উধাও বাবা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে ৬ থেকে ৮ মাস বয়সী এক কন্যাশিশুকে রেখে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে যাত্রী ও লঞ্চ কর্তৃপক্ষের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করে নিরাপদে রাখা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুলিয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

লঞ্চ কর্তৃপক্ষ ও যাত্রীদের বরাতে জানা যায়, বিকেল ৪টার দিকে কালাইয়া লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় যাত্রীবাহী লঞ্চ এমভি বন্ধন-৫।

সন্ধ্যায় ধুলিয়া লঞ্চঘাটে নোঙর করার পর, এক ব্যক্তি কোলে একটি কন্যাশিশু নিয়ে লঞ্চে ওঠেন এবং নিজেকে শিশুটির বাবা বলে পরিচয় দেন। কিছুক্ষণ পর তিনি জানান, শিশুটির মা লঞ্চে উঠবেন, এ কথা বলে পাশের যাত্রীদের কাছে শিশুটিকে দেখাশোনার অনুরোধ করে ঘাটে নেমে যান।

কিন্তু লঞ্চ ছেড়ে দেওয়ার পরও তিনি বা শিশুটির কোনো স্বজন আর ফিরে আসেননি। পরবর্তীতে শিশুটি কান্না শুরু করলে বিষয়টি যাত্রীদের নজরে আসে।

পরে লঞ্চ কর্তৃপক্ষ শিশুটিকে কয়েকজন নারী যাত্রীর তত্ত্বাবধানে নিরাপদে রাখেন এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করেন।

লঞ্চের এক যাত্রী জানান, ধুলিয়া ঘাটে ওঠার পরপরই ওই ব্যক্তি ‘মা আসছে’ বলে শিশুটিকে রেখে নেমে যান, এরপর আর তাকে দেখা যায়নি। 

লঞ্চের সুপারভাইজার মো. সজল বলেন, শিশুটিকে রেখে যাওয়ার কারণ এখনও জানা যায়নি, তবে তাকে নিরাপদে রাখা হয়েছে এবং পরিবারের সন্ধানে চেষ্টা চলছে।

এ বিষয়ে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আল মামুন জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং শিশুটির প্রকৃত অভিভাবক শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন