গৌরনদীতে দাবিকৃত চাঁদা না পেয়ে হামলা, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বরিশালের গৌরনদী উপজেলার বৃহত্তর ব্যবসায়ী বন্দর টরকী বন্দরের দুই ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে একাধিক হত্যা মামলার আসামি সফিকুর রহমান সিকদার ওরফে রেজাউল (৫২)। ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকার করায় হামলা চালিয়ে পিটিয়ে দুই ব্যবসায়ীকে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বুধবার রাতে শিশির রাহা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় টরকী বন্দরের প্রায় দেড় হাজার ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে ধর্মঘট পালন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিশির রাহা অভিযোগ করে বলেন, আমি ও নুরুল ইসলামসহ আমরা দুজনে টিনের আড়তসহ যৌথভাবে টরকী বন্দরে ব্যবসা পরিচালনা করে আসছি। দীর্ঘ দিন ধরে সুন্দরদী গ্রামের মৃত হাবিবুর রহমান সিকদারের ছেলে দুটি হত্যা মামলার আসামি সন্ত্রাসী সফিকুর রহমান সিকদার ওরফে রেজাউল বিভিন্ন সময় আমাদের কাছে ১৫ লাখ টাকা চাঁদা করে আসছিল। চাঁদা না দেওয়ায় বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে ২ জুনের মধ্যে ১৫ লাখ টাকা পরিশোধ করতে আমাদেরকে আল্টিমেটাম দেন। টাকা পরিশোধ না করায় ২ জুন রাতে সাড়ে আটটার দিকে রেজাউল সিকদারের নেতৃত্বে সন্ত্রাসীরা ব্যবসায়ী প্রতিষ্ঠানে এসে দাবিকৃত চাঁদার টাকা পরিশোধ করতে বলেন। এ সময় টাকা না দেয়ায় অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে গালিগালাজ করে আমাদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করেছে। ডাক চিৎকার করলে সন্ত্রাসী রেজাউল হত্যার হুমকি দিয়ে চলে যায়।
স্থানীয়রা জানান, হামলার পর দুই ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়। টরকী বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান চঞ্চল জানান, চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলা করার প্রতিবাদে টরকী বন্দর ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় টরকী বন্দরের প্রায় দেড় হাজার ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করে দুপুর ১২টার বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।
ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহাবুব হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মো. অলিউল ইসলামসহ অন্যান্যরা।
সভাপতি শাহাবুব হাসান শরীফ বলেন, সন্ত্রাসী রেজাউল সিকদারের চাঁদাবাজিতে বন্দরের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। এর আগেও চাঁদা না পেয়ে একাধিক ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী রেজাউল হামলা চালিয়েছে। তাকে গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে।
অভিযোগের ব্যাপারে জানতে সফিকুর রহমান সিকদার ওরফে রেজাউল সিকদারের কাছে ফোন দিলে তিনি চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তাদের কাছে (শিশির রাহা ও নুরুল ) দোকানের অগ্রীমবাবত কথা বলতে গেলে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ওই ঘটনা নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে একটি মহল।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।
এইচকেআর