শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর। এই বাতিঘর থেকে জ্ঞানের আলো সমাজে ছড়িয়ে পড়ে। শিক্ষক সমাজ হলো সেই আলোর বাহক। তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতাকে সমাজ উন্নয়নের চালিকাশক্তি হিসেবে গ্রহণ করতে হবে।
শনিবার সকাল ১০ টায় উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করত হবে। সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল কাজে লাগাতে সবাইকে আন্তরিক হতে হবে। নতুন ভবনটি স্থাপিত হলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তথ্য মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ফাস্ট, সেকেন্ড বা গ্রেড ভিত্তিক বিভাজনের মাধ্যমে মানসিক কারাগারে বন্দী রাখা হয়। এই প্রথা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাসকে ক্ষুণ্ণ করে। প্রকৃত শিক্ষা হলো মুক্ত চিন্তার শিক্ষা যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়। সুনাগরিক তৈরি করতে পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা প্রদান করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক বিকাশের জন্য খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, দলগত কাজের মানসিকতা ও নেতৃত্বের গুণাবলী গড়ে তুলতে ভূমিকা রাখে।
অনুষ্ঠানে নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন, নলচিড়া স্কুলের সাবেক সভাপতি আব্দুল ছত্তার মৃধা ও ম্যানেজিং কমিটির সদস্য আল মামুন স্বপন।
এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
এইচকেআর