বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকার সি এম এস মুগ ডাল কারখানার একটি বদ্ধ কক্ষ থেকে দুর্জয় শাহ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল ৪টায় এ মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দুর্জয় শাহ পিরোজপুর জেলার ১ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণকুটি গ্রামের রবীনাথ সাহার ছেলে। তিনি সিএমএস মুগ ডাল প্রতিষ্ঠানটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রতিষ্ঠানটির কর্মচারীরা জানান, ‘দুর্জয় শাহ’ দীর্ঘ এক বছর ধরে কাজ করত। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবারও স্বাভাবিকভাবে কার্যক্রম করছিলেন। হঠাৎ তিনি রুমের দিকে চলে যান। এর কিছুক্ষণ পর তাকে খোঁজাখুঁজি করলে অন্য আরেক স্টাফ সাকিল তার রুমের জানালা খুলে দেখতে পান দুর্জয় শাহ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলেছিল। পরবর্তীতে কারখানার মালিকে জানান।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে বলা সম্ভব নয় এটি হত্যা না-কি আত্মহত্যা।
এইচকেআর