বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন

আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্যদের নিয়ে বরিশাল সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটি করা হয়েছে- এমন অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে মানববন্ধন ও কালো পতাকা প্রদর্শন করেছেন দলটির একদল বিক্ষুব্ধ নেতাকর্মী।
শনিবার (২৫ জুলাই) বেলা ১১টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা বিএনপিসহ ১০টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিনের নেতৃত্বে ঘোষিত কমিটিতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অবমূল্যায়ন করে বিতর্কিতদের স্থান দেওয়া হয়েছে। তারা দাবি করেন, ঘোষিত কমিটির বিভিন্ন পদে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও জামায়াত-শিবিরের সক্রিয় নেতাকর্মী এবং মৃত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দলের আদর্শ ও গঠনতন্ত্রের পরিপন্থী।
বক্তারা অবিলম্বে এই ‘পকেট কমিটি’ বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, আহ্বায়ক নুরুল আমিন এখনো জামায়াতের বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত এবং প্রতি মাসে এসব প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিয়ে থাকেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুছ ছালাম রাড়ী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মন্টু খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা রেজাউল করিম প্রমুখ।
এইচকেআর