‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ

ডিজিটাল লেনদেনকে আরও নিরাপদ, সহজ ও জনবান্ধব করতে বরিশালকে ক্যাশলেস নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘বাংলা কিউআর’-এর সম্প্রসারণ কার্যক্রম শুরু করেছে পূবালী ব্যাংক।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে পূবালী ব্যাংক বরিশাল অঞ্চলের উদ্যোগে ‘বাংলা কিউআর-এর সম্প্রসারণ ও ক্যাশলেস বরিশাল’ শীর্ষক সভা হয়। সভা শেষে ‘ক্যাশলেস বরিশাল’ বাস্তবায়নের লক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী। এতে পূবালী ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ ও দ্রুত ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে বাংলা কিউআর-এর ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। ক্যাশলেস লেনদেনকে সর্বজনীন ও জনবান্ধব করতে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে পূবালী ব্যাংকের সচেতনতামূলক ও সম্প্রসারণমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে বের হওয়া র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বাংলা কিউআর-এর ব্যবহার, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা, সহজতা ও ক্যাশলেস ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির বার্তা দেওয়া হয়।
এইচকেআর