উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময়

মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের মাধ্যমে দেশের পুষ্টিচাহিদা পূরণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেক কনকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। সভা সঞ্চালনা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার।
সভায় বক্তব্য দেন, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. কামরুল ইসলাম, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউ জামান, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা এবং উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম।
সভায় মৎস্যজীবীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দেশের মানুষের পুষ্টিচাহিদা পূরণে মাছের ভূমিকা এবং মৎস্য খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। সভায় মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যরা অংশ নেন।
এইচকেআর