সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব

বরিশালের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ এর অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব।
দুর্গোৎসবকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্ক ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের নিরাপদ উপস্থিতি নিশ্চিত করতে জেলা ও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্যাপন কমিটির সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ করছে এসআরবি-৮।
তিনি সোমবার সকালে শারদীয় দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আখড়া বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শণ শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন।
এসআরবি-৮ অধিনায়ক বলেন, ঝালকাঠি একটি শান্তিপূর্ণ জেলা। এখানকার পূজা মণ্ডপগুলোর ঐতিহ্য রয়েছে। অনেক বছরের একটি পুরনো মন্দির দেখে আমার ভালো লাগলো। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে, এটা অত্যন্ত ভালো খবর। আমরা চাই মানুষ শান্তিতে বসবাস করবে। তাদের সব ধরণের নিরাপত্ত আমরা দিয়ে যাবো।
পরে তিনি মণ্ডপের আইনশৃঙ্খলা নিরাপত্তা বিষয়ে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন। এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডাক্তার অসীম কুমার সাহা ও সাধারণ সম্পাদক অলোক সাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এইচকেআর