মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু

বরিশালের হিজলা উপজেলার প্রত্যন্ত মেঘনা নদীতে গুলিতে আকতার হোসেন (৪০) নামে এক জেলে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের ওরাকুল নামক স্থানে এই ঘটনা ঘটে। ঘটনার সময় মেঘনায় মাছ ধরারত অবস্থায় নৌ-পুলিশের সাথে জেলেদের সংঘর্ষ হয়। তখন নৌ-পুলিশের গুলিতে আকতার হোসেন নিহত হন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই ঘটনা অস্বীকার করেন।
প্রত্যক্ষদর্শী জেলে মো. আব্দুল বেপারী বলেন, বৃহস্পতিবার ভোররাতে মেঘনা নদীর ওরাকুল নামক স্থানে ১৩ জন জেলে নিয়ে তারা মাছ ধরতে নেমে পড়েন। হঠাৎ নৌ-পুলিশের একটি বোট এসে তাঁদের ওপর গুলি চালায়। এসময় সবাই শুয়ে পড়লেও গুলিতে আকতার ঘটনাস্থলেই নিহত হন। এর কিছু দূরে গিয়ে ওই একই বাহিনীর ১০-১২ জন খলিল খাঁর নৌকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায় চাঁদপুর পুলিশ।
এই থেকে নিশ্চিত হয়েছেন যে চাঁদপুর নৌ-পুলিশ তাঁদের বোটে গুলিবর্ষণ করেছে এবং আকতার তাঁদের গুলিতেই নিহত হয়েছেন। তিনি আরও জানান, আকতার উপজেলার মেমানিয়া ইউনিয়নের সুলতান হাওলাদারের ছেলে। তাঁর ২ ছেলে, ৪ মেয়ে ও স্ত্রী রয়েছে।
স্থানীয়রা গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার ভোররাতে মেঘনায় মা ইলিশ ধরতে থাকা জেলেদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। এক পর্যায়ে নৌ-পুলিশ গুলি চালালে আকতার হাওলাদার নামক একজন মারা যান।
হিজলা থানা অফিসার ইনচার্জ মো:সোলায়মান বলেন, নিহত আকতার হাওলাদারের লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হচ্ছে। তাঁর বুকে গুলির দাগ আছে। তবে কোনো পক্ষের গুলিতে তিনি নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিত করা যায়নি।
এইচকেআর