বাবুগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি অনুমোদন

বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার পুরোনো কমিটি বাতিল করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ইসমত আরা কনা এবং সাধারণ সম্পাদক হয়েছেন কাজী এনায়েত হোসেন।
সোমবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন স্বাক্ষরিত এক প্যাডে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য পদধারীদের মধ্যে নির্বাহী সভাপতি হয়েছেন আব্দুর রাজ্জাক বাচ্চু, নির্বাহী সম্পাদক মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি কে এম উমর ফারুক এবং সিনিয়র সহসভাপতি (মহিলা) হয়েছেন জোসনা বেগম।
এদিকে, বাংলাদেশ শিক্ষক সমিতির বাবুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মাসুদ আহমেদ নবগঠিত কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে উপজেলার প্রাথমিক শিক্ষকদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি শিক্ষকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা, ন্যায্য দাবি আদায় এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কমিটি ভূমিকা রাখবে।
এদিকে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কমিটি অনুমোদনের মন্তব্যের ঘরে লিখেছেন পূর্বের বিতর্কিত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হলো।
এইচকেআর