শিশুখাদ্য, দুধ ও ভোজ্যতেলসহ ৬১৮ নমুনায় মাত্রাতিরিক্ত ক্ষতিকর উপাদান

শিশুখাদ্য, দুধ, পাউডার দুধ, ভোজ্যতেল, পাউরুটি, কেক, গুড়, চানাচুর, আচার ও চকলেটসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্যে মাত্রাতিরিক্ত ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সরকার স্বীকৃত পরীক্ষাগারে ১ হাজার ৬১৭টি খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬১৮টি নমুনায় অনুমোদিত মাত্রার চেয়ে বেশি ক্ষতিকর উপাদান শনাক্ত হয়েছে।
এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ইতোমধ্যে ৩৭টি নিম্নমানের ও ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া খাদ্যে ভেজাল প্রতিরোধে কারখানা পর্যায়ে পরিচালিত অভিযানেও নানা অনিয়মের প্রমাণ মিলেছে।
গত মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
কমিটির সভাপতি ও সংসদ সদস্য মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রথম সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ও সরকারি মূল্য নির্ধারণ এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
বৈঠকে শিশুখাদ্য ও দুধে ক্ষতিকর রাসায়নিক এবং ভেজাল মেশানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। কমিটির সদস্য মো. আবু তালেব মন্ডল তার নির্বাচনী এলাকা পাবনার বাঘাবাড়ী, সাঁথিয়া ও শাহজাদপুরসহ বিভিন্ন এলাকায় দুধ ও শিশুখাদ্যে ভেজালের ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি জানান, এসব অঞ্চলে অনেক ক্ষেত্রে আসল দুধের পরিবর্তে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে ভেজাল দুধ তৈরি করা হচ্ছে, যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
কমিটির আরেক সদস্য শামছুন্নাহার বেগমও শিশুখাদ্য, দুধসহ অন্যান্য খাদ্যপণ্যে ক্ষতিকর রাসায়নিক মেশানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, শুধু বাজারে অভিযান চালিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়; বরং উৎপাদনের উৎস ও কারখানা পর্যায়েই ভেজাল বন্ধ করতে হবে।
এ জন্য উৎপাদনস্থলে মোবাইল কোর্ট পরিচালনা, অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তি এবং প্রয়োজনে লাইসেন্স বাতিলের সুপারিশ করেন তিনি।
খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে যৌথ ভেজালবিরোধী অভিযান জোরদার করা হবে। বিশেষ করে মাছ, ফলমূল ও বিভিন্ন খাদ্যপণ্যে ফরমালিন ও ক্ষতিকর রং মেশানোর প্রবণতা ঠেকাতে নজরদারি বাড়ানো হচ্ছে।
তিনি জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম গতিশীল করতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় তিনটি বড় পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জেলা পর্যায়ে মিনি ল্যাবরেটরি ও ভ্যান চালুর পরিকল্পনাও রয়েছে। এসব পরীক্ষাগারের জনবল অনুমোদন ও অর্থায়নের প্রক্রিয়া চলছে। এ ছাড়া ভবিষ্যতে আমদানি করা খাদ্যপণ্য বাজারে প্রবেশের আগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষাগারে বাধ্যতামূলক পরীক্ষার পর ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, খাদ্যে ভেজাল বর্তমানে মহামারি আকার ধারণ করেছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও খাদ্য মন্ত্রণালয় এ বিষয়ে জোরালোভাবে কাজ করছে এবং দেশের ৬৪টি জেলায় নিরাপদ খাদ্য কার্যক্রম ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন।
বৈঠকে উপস্থাপিত প্রতিবেদন অনুযায়ী, প্রথম সভায় খাদ্য বিভাগের শূন্য পদে নিয়োগ, গুদাম পাহারায় আউটসোর্সিংয়ের পরিবর্তে স্থায়ী জনবল নিয়োগ, ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপে পরিবর্তন, উপকারভোগীদের ডিজিটাল ডেটাবেজ তৈরি, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং খাদ্যগুদামের মজুত ব্যবস্থাপনা আধুনিকায়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্তের বিপরীতে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরা হয়।
প্রতিবেদন সূত্রে জানা গেছে, খাদ্য বিভাগের দীর্ঘদিনের জনবল সংকট নিরসন, ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে পরিবর্তন, প্রকৃত উপকারভোগী শনাক্তকরণ এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির নীতিমালা সংশোধন করে নতুন করে ডিলার নিয়োগের সুযোগ তৈরি করা হয়েছে।
পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির ৪৯ লাখের বেশি উপকারভোগীকে ডিজিটাল ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধে গত ৯ মাসে বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানে ১৪৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ১ কোটি ৯৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
প্রথম বৈঠকের অন্যতম প্রধান সিদ্ধান্ত ছিল খাদ্য বিভাগের তীব্র জনবল সংকট দূর করা। এ বিষয়ে দ্বিতীয় বৈঠকে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ১৩ থেকে ১৯তম গ্রেডের ২৫টি ক্যাটাগরিতে মোট ১ হাজার ৭৯১টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য ২০২৫ সালের ৯ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে প্রথম পর্যায়ে ১৪টি ক্যাটাগরিতে এবং দ্বিতীয় পর্যায়ে ড্রাইভার পদে পরীক্ষা শেষে মোট ১৪১ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। তাদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১৩১ জনের মধ্য থেকে ১২৬ জনকে ইতোমধ্যে নিয়োগপত্র দেওয়া হয়েছে।
তৃতীয় পর্যায়ে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা শেষে ৪৩৬ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে ১০৫ জনের পুলিশ ভেরিফিকেশন এবং ১৯০ জনের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে, চূড়ান্ত নিয়োগপত্র দেওয়ার কার্যক্রম এখন চলমান। চতুর্থ পর্যায়ে উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষায় ১ হাজার ৭৮১ জন অংশ নিয়েছেন এবং পঞ্চম পর্যায়ে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তবে উচ্চমান সহকারী, অডিটর এবং হিসাবরক্ষক কাম-ক্যাশিয়ার পদের ৩৬টি শূন্য পদে নিয়োগ আটকে আছে। এ-সংক্রান্ত রিট মামলা হাইকোর্টে চলমান থাকায় আদালতের নির্দেশনার ওপর এই নিয়োগ নির্ভর করছে।
অন্যদিকে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ২৯১টি পদ সৃষ্টির বিষয়ে অর্থ বিভাগের অনুমোদন ও বেতন স্কেল নির্ধারণের জন্য গত ৫ নভেম্বর চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া ১৩ থেকে ১৬তম গ্রেডের ২০টি শূন্য পদে নিয়োগ ও পদোন্নতির কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিবেদন সূত্রে জানা গেছে, প্রথম বৈঠকে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপে দীর্ঘদিনের পুরোনো পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দ্বিতীয় বৈঠকে জানানো হয়, এ লক্ষ্যে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) নীতিমালা-২০২৪ এবং খাদ্যবান্ধব কর্মসূচি নীতিমালা-২০১৪ সংশোধন করা হয়েছে।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, ওএমএস কর্মসূচিতে অতিরিক্ত ১ হাজার ১৬০ জন এবং খাদ্যবান্ধব কর্মসূচিতে অতিরিক্ত ১১ হাজার ২৬৬ জন ডিলার নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী ডিলার নিয়োগসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে গত ১২ নভেম্বর খাদ্য অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগের অনুপাতেও পরিবর্তন আনা হয়েছে। আগে প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান ছিল; সংশোধিত নীতিমালায় তা কমিয়ে প্রতি ২৫০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান করা হয়েছে। এতে চাল বিতরণে বিশৃঙ্খলা ও ভোগান্তি কমবে বলে আশা করছে মন্ত্রণালয়। বর্তমানে ওএমএস কর্মসূচিতে একজন ভোক্তা পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি খোলা আটা কিনতে পারেন; পাশাপাশি দুই কেজির প্যাকেটজাত আটাও বিক্রি হচ্ছে। সারা দেশে ১ হাজার ১৫১টি কেন্দ্রের মাধ্যমে এসব খাদ্যশস্য বিক্রি হচ্ছে, যার মধ্যে ৯৯৩টি দোকান এবং ১৫৮টি খোলা ট্রাক রয়েছে।
৪৯ লাখের বেশি উপকারভোগী ডিজিটাল ডেটাবেজে
প্রথম বৈঠকে প্রকৃত উপকারভোগী শনাক্ত করে তাদের ডিজিটাল ডেটাবেজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দ্বিতীয় বৈঠকে উপস্থাপিত তথ্যে বলা হয়, খাদ্যবান্ধব কর্মসূচির ৫৫ লাখ উপকারভোগীর মধ্যে ৪৯ লাখ ৭ হাজার ৯৮ জনকে ডিজিটাল ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে চাল বিতরণও সম্পন্ন হয়েছে। প্রকৃত উপকারভোগী শনাক্ত ও খাদ্য সহায়তা বিতরণে স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সংশোধিত নীতিমালার আওতায় ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ কার্যক্রম এখনো প্রক্রিয়াধীন রয়েছে; এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ এগিয়ে নিতে খাদ্য অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
কারখানায় ১৪৩ অভিযানে জরিমানা প্রায় ২ কোটি টাকা
খাদ্যে ভেজাল প্রতিরোধে উৎপাদনস্থল বা কারখানা পর্যায়ে অভিযান পরিচালনার বিষয়টি প্রথম বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছিল। দ্বিতীয় বৈঠকে এ সংক্রান্ত কার্যক্রমের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শুধু খাদ্য উৎপাদনকারী কারখানায় ১৪৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৩৭টি মামলা করা হয়েছে। জরিমানা করা হয়েছে ১ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকা। পাশাপাশি সাতজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে সরকার স্বীকৃত ডেজিগনেটেড ল্যাবে ১ হাজার ৬১৭টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৯৯টি নমুনা অনুমোদিত মাত্রার মধ্যে থাকলেও ৬১৮টি নমুনায় ক্ষতিকর উপাদানের মাত্রা অনুমোদিত সীমার বেশি পাওয়া যায়। নমুনা পরীক্ষার ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবছরে ৩৭টি নিম্নমানের ও ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে।
এসব পণ্যের মধ্যে রয়েছে ভোজ্যতেল, পাউরুটি, কেক, গুড়, চানাচুর, আচার, কেওড়াজল, গোলাপজল, শিশুখাদ্য, সেমাই, চকলেট, বেভারেজ ও পাউডার দুধ।
এ ছাড়া ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোবাইল ল্যাবে ৯ হাজার ৬৭৯টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯০১টি নমুনায় অনুমোদিত মাত্রার চেয়ে বেশি ক্ষতিকর উপাদান পাওয়া গেছে।একই সময়ে মিনি ল্যাবে ১৪ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫ হাজার ৪০৯টি নমুনায় অনুমোদিত মাত্রার বেশি ক্ষতিকর উপাদান শনাক্ত হয়েছে।
মোবাইল ও মিনি ল্যাবে পরীক্ষার পর যেসব নমুনায় ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া যাচ্ছে, সেগুলোর ক্ষেত্রে নমুনা ধ্বংস ও জব্দ করার পাশাপাশি উৎপাদনকারী প্রতিষ্ঠান ও রেস্টুরেন্টগুলোকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হচ্ছে।
ভেজাল প্রতিরোধে ১ হাজার ৪৫৪ অভিযান, জরিমানা ১ কোটি ৭৫ লাখ টাকা
খাদ্যে ভেজাল প্রতিরোধে খাদ্য মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রমের তথ্যেও বিভিন্ন অভিযান ও পরীক্ষার চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ১ হাজার ৪৫৪টি মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময়ে ৭৬টি সামারি ট্রায়ালের মাধ্যমে ১ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা হয়েছে ৪১টি।
এ ছাড়া সরকারি ও বেসরকারি পরীক্ষাগারে ১ হাজার ৫৬৩টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়েছে। মোবাইল ল্যাবের মাধ্যমে ৯ হাজার ২৭৪টি এবং মিনি ল্যাবের মাধ্যমে ১৩ হাজার ৬০৫টি তাৎক্ষণিক খাদ্য নমুনা পরীক্ষা করা হয়েছে।
নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বাড়াতে ৭ হাজার ৫০ জন গৃহিণীর অংশগ্রহণে ১৪৩টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ খাদ্য বিষয়ে পাঁচটি টেলিভিশন বিজ্ঞাপন বিভিন্ন সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলে ৩৬০ মিনিট প্রচার করা হয়েছে। পাশাপাশি নিরাপদ খাদ্যসংক্রান্ত ২৩টি গণবিজ্ঞপ্তি ১১১টি জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়েছে।
ফলমূল ও খাদ্যদ্রব্যে কীটনাশক এবং রাসায়নিক অবশিষ্টাংশ নিয়ন্ত্রণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বিএসটিআই এবং সিটি করপোরেশনের প্রতিনিধিদের অংশগ্রহণে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
গুদাম পাহারায় স্থায়ী নিয়োগের উদ্যোগ, অর্থ বিভাগের প্রস্তাব চাওয়া
প্রথম বৈঠকে খাদ্যগুদাম পাহারার কাজে আউটসোর্সিংয়ের পরিবর্তে স্থায়ী জনবল নিয়োগের সুপারিশ করা হয়েছিল। এ বিষয়ে দ্বিতীয় বৈঠকে জানানো হয়, খাদ্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮ অনুযায়ী নিরাপত্তা প্রহরী পদটিকে আউটসোর্সিং নীতিমালার আওতার বাইরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। খাদ্যমন্ত্রীর ২ সেপ্টেম্বরের ডিও পত্রের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ ১৮ অক্টোবর পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠানোর অনুরোধ জানায়। পরে ২৮ অক্টোবর খাদ্য অধিদপ্তরকে এ-সংক্রান্ত প্রস্তাব পাঠাতে চিঠি দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ প্রস্তাব পাওয়ার পর পরবর্তী কার্যক্রম নেওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে।
বাস্তবায়নের অপেক্ষায় খাদ্য মজুত ও কৃষকবান্ধব সংগ্রহব্যবস্থা
প্রথম বৈঠকে দেশের খাদ্য মজুত সক্ষমতা বাড়ানো, সাইলো নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং খাদ্যগুদামের মজুতের তাৎক্ষণিক তথ্য পাওয়ার জন্য ডিজিটাল ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছিল। একই সঙ্গে ধান সংগ্রহে স্লিপ বা কার্ড বিতরণের জটিলতা দূর করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
দ্বিতীয় বৈঠকের আলোচ্যসূচিতে চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ও সরকারি মূল্য নির্ধারণের বিষয়টি রাখা হয়। তবে সরবরাহ করা কার্যবিবরণীর তথ্যের মধ্যে এসব বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা বাস্তবায়নের পূর্ণাঙ্গ অগ্রগতি উল্লেখ নেই। একইভাবে সাইলো নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন এবং খাদ্যগুদামের রিয়েলটাইম স্টক মনিটরিং ব্যবস্থা চালুর অগ্রগতির বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।
দেশের খাদ্য গুদামগুলোর মজুদের হিসাব ও প্রকৃত অবস্থা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণের জন্য আধুনিক ডিজিটাল মাধ্যম বা ডেটাবেজ চালুর প্রস্তাব দেন কমিটির সভাপতি।
তিনি বলেন, খাদ্য গুদামগুলোর সঠিক মজুদ পরিস্থিতি জানতে এবং অনিয়ম প্রতিরোধে কার্যকর ডিজিটাল নজরদারি প্রয়োজন।
খাদ্য প্রতিমন্ত্রী জানান, প্রতিবছর ১ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে খাদ্য গুদামগুলোর ফিজিক্যাল স্টক ভেরিফিকেশন বা মজুদ যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ যাচাই কার্যক্রম বছরে তিনবার করার পরিকল্পনা রয়েছে।
বৈঠকে জানানো হয়, বর্তমানে দেশে খাদ্য মজুদের সক্ষমতা ২৪ লাখ মেট্রিক টন। আন্তর্জাতিক মান ও দেশের ভৌগোলিক অবস্থা বিবেচনায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ সক্ষমতা ৩৪ থেকে ৩৫ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, আপৎকালীন খাদ্য মজুদের জন্য আগে ১৫ লাখ মেট্রিক টনের যে ধারণা ছিল, তা ছাড়িয়ে আরও বেশি পরিমাণ নিরাপদ খাদ্য মজুদ নিশ্চিত করতে হবে। এ জন্য বিদ্যমান খাদ্য সংরক্ষণাগারগুলোর প্রয়োজনীয়তা নিরূপণ এবং নতুন গোডাউন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
কমিটি দেশের খাদ্য মজুদ সক্ষমতা বাড়াতে সাইলো নির্মাণ প্রকল্পগুলোর প্রকৃত বাস্তবায়ন অগ্রগতি পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে। পাশাপাশি খাদ্য গুদামগুলোর রিয়েলটাইম স্টক ভেরিফিকেশন বা মজুদ পর্যবেক্ষণ ব্যবস্থা বাস্তবায়নের অগ্রগতিও জানাতে বলা হয়েছে।
সুগন্ধি চাল রপ্তানি বন্ধ, আমদানিতেও সতর্কতা
বৈঠকে চাল আমদানির পাশাপাশি সুগন্ধি চাল রপ্তানির বিষয়টি নিয়েও আলোচনা হয়। কমিটির সদস্য মো. আবু তালেব মন্ডল বলেন, দেশে এখনো পুরোপুরি খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জিত না হলে এবং আমদানির ওপর নির্ভরতা থাকলে সুগন্ধি চাল রপ্তানির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।
জবাবে খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা জানান, সুগন্ধি চাল রপ্তানির অনুমতি বাণিজ্য মন্ত্রণালয় ও এফপিএমসি কমিটির মাধ্যমে নির্দিষ্ট নীতিমালার আওতায় দেওয়া হয়। বিদেশে বসবাসরত প্রায় দুই কোটি বাংলাদেশির চাহিদা বিবেচনায় সীমিত পরিসরে এ চাল রপ্তানির সুযোগ রাখা হয়েছে।
তবে অভ্যন্তরীণ বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় তাৎক্ষণিকভাবে সুগন্ধি চাল রপ্তানি কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে জানান তিনি। সচিব আরও বলেন, বর্তমান অর্থবছরে গত আট মাস ধরে এলসি বা বেসরকারি আমদানির মাধ্যমে চাল আমদানি সীমিত রাখা হয়েছে। দেশীয় উৎপাদিত চালের বাজারদরও স্থিতিশীল রয়েছে।
তিন মাসে উপকারভোগীদের ডিজিটাল ডেটাবেজ
ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগী নির্বাচন এবং ডিলারশিপ ব্যবস্থায় দীর্ঘদিনের অনিয়ম নিয়েও বৈঠকে আলোচনা হয়। কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টু বলেন, আগে নির্ধারণ করা উপকারভোগীদের তালিকায় বড় ধরনের ত্রুটি ও অসঙ্গতি রয়েছে। প্রকৃত প্রাপ্য ব্যক্তিদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে উপকারভোগী নির্ধারণ প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা প্রয়োজন।
খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, গত ১৮ বছর ধরে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ নির্দিষ্ট কিছু ব্যক্তি একচেটিয়াভাবে ভোগ করে আসছেন। এ ব্যবস্থায় দীর্ঘদিনের অনিয়ম ও সিন্ডিকেট দূর করতে নতুন ও যুগোপযোগী নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালাটি প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি চূড়ান্ত হলে নতুন ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত ডিলারদের অন্তর্ভুক্ত করা সম্ভব হবে।
ওএমএসের চাল ও খাদ্য বিতরণের সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি কমাতেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, পণ্য ওজন করে বিতরণের পরিবর্তে নির্দিষ্ট পরিমাণে, যেমন ৩ বা ৫ কেজির প্যাকেট তৈরি করে বিতরণের চিন্তাভাবনা চলছে।
কমিটির সিদ্ধান্তে পুরোনো ডিলারশিপ পদ্ধতি পরিবর্তন করে নতুন নীতিমালার মাধ্যমে ডিলার নিয়োগ এবং প্যাকেটজাত পণ্য বিতরণের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে প্রকৃত উপকারভোগী নির্ধারণ, তাদের ডিজিটাল ডেটাবেজ তৈরি ও তথ্য সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী বৈঠকে অগ্রগতি উপস্থাপন করতে বলা হয়েছে।
এইচকে