বরিশালে নদী বাঁচাতে গিয়ে মরছে খাল

কীর্তনখোলা নদীর নাব্যতা রক্ষায় চলছে খননকাজ। কিন্তু সেই খননের পলিতেই ভরাট হয়ে গেছে বরিশাল নগরের গুরুত্বপূর্ণ সাগরদী খালের প্রায় এক কিলোমিটার অংশ। পলি জমে অনেকটা সমতল ভূমিতে পরিণত হয়েছে। বন্ধ হয়ে গেছে খালের স্বাভাবিক পানিপ্রবাহ। এতে পানি নিষ্কাশন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, দ্রুত পলি সরানো না হলে ভরাট জায়গা দখল হয়ে যেতে পারে।
সরেজমিনে দেখা যায়, নগরের ১২ নম্বর ওয়ার্ডের জিয়ানগর এলাকার মধ্য দিয়ে প্রবাহিত সাগরদী খালটি স্থানীয় বাসিন্দাদের পানি নিষ্কাশন, গৃহস্থালি কাজ ও কৃষিকাজের অন্যতম উৎস। খালটির দপদপিয়া সেতু পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশে জোয়ার-ভাটা হয়। তবে নদী খননের পলি জমে খালের মোহনা থেকে জিয়া কলোনির শেষ মাথা পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশ ভরাট হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে কীর্তনখোলা নদীর নাব্যতা রক্ষা ও সাইলোতে জাহাজ চলাচলের পথ স্বাভাবিক রাখতে দপদপিয়া সেতু এলাকায় খননকাজ শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। খনন করা পলি নদীর তীরে না ফেলে খালসংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তালিকাভুক্ত চরবাড়ি খ্রিষ্টান পাড়াসংলগ্ন নিচু জমিতে রাখা হচ্ছিল। সেখান থেকে পলিমিশ্রিত পানি গড়িয়ে খালে পড়ে।
জিয়ানগর এলাকার বাসিন্দা নুরুল হক মিঞা বলেন, ‘২০২৪ সালে কয়েক কোটি টাকা ব্যয়ে খালটি পুনঃখনন করা হয়েছিল। এরপর পানিপ্রবাহ স্বাভাবিক হয়। এলাকার পানি নিষ্কাশন ও সবজি চাষে খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। এখন খালের প্রায় এক কিলোমিটার অংশ ভরাট হয়ে গেছে। দ্রুত পলি সরানো না হলে এলাকার মানুষকে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হবে।
স্থানীয় বাসিন্দা ফাইজুল ইসলাম বলেন, খালটি ভরাট হয়ে গেলে বৃষ্টির পানি নামতে পারবে না। এ ছাড়া ভরাট জায়গা দখল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত খালটির আগের অবস্থা ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।
বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ বলেন, পলি রাখার জায়গা থেকে অতিরিক্ত পানি বের হওয়ার পাইপটি নিচু থাকায় পানির সঙ্গে পলি খালে চলে গেছে। বিষয়টি জানার পর খালে যেন আর পলি না জমে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে ওই জমিতে পলি ফেলার কাজ বন্ধ রয়েছে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, বিষয়টি জানার পর বিআইডব্লিউটিএর সঙ্গে যোগাযোগ করে পলি খালে যাওয়া বন্ধের ব্যবস্থা নেওয়া হয়েছে। খালে জমে থাকা পলি অপসারণের বিষয়েও আলোচনা চলছে।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, খালটির এক অংশ ভরাট করা হয়েছে। এখন একটি মহল জায়গাটি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। কারা এবং কাদের ইন্ধনে খালটি ভরাট করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। খালটি দখলমুক্ত রাখা ও উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন।
বাংলাদেশ পানি আইন, ২০১৩-তে পানি সম্পদের সুরক্ষা ও স্বাভাবিক প্রবাহ বজায় রাখার বিধান রয়েছে। প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এর ৫ ধারায় জলাধারের শ্রেণি বা ব্যবহার পরিবর্তনে নিষেধাজ্ঞা রয়েছে। এ আইনের ৮ ধারায় সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ ধারায়ও জলাধার ভরাট ও শ্রেণি পরিবর্তনে বিধিনিষেধ রয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন বলেন, নদী খননের পলি ফেলে পাশের একটি প্রাকৃতিক খাল ভরাট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নদীর নাব্যতা রক্ষা করতে গিয়ে অন্য একটি জলাধারের স্বাভাবিক প্রবাহ নষ্ট করা পরিবেশগতভাবে ক্ষতিকর। তাই অবিলম্বে পলি অপসারণ করে খালটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, প্রাকৃতিক খাল ও জলাধার ভরাটের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। উন্নয়নকাজ করতে গিয়ে কোনোভাবেই পাশের খাল বা জলাধারের ক্ষতি করা উচিত নয়। সাগরদী খালের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এইচকে