হত্যার হুমকি দিয়ে ফাঁকা শ্রেণিকক্ষেই ছাত্রীকে ধর্ষণ করে শিক্ষক মিঠু

রংপুরের বদরগঞ্জে স্কুলের শ্রেণিকক্ষেই নবম শ্রেণির ছাত্রীকে হত্যার হুমকি দেন শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠু। ঐ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মামলায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মনোয়ারুল ইসলাম মিঠু বদরগঞ্জ উপজেলার শ্যামপুর সুগার মিল হাইস্কুলের শিক্ষক।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩০ জুন তিনি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির এক ছাত্রীকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন। পরে ধর্ষণের শিকার ছাত্রী নিজেই ঐ শিক্ষকের বিরুদ্ধে মামলা করে। আদালতের নির্দেশে তদন্ত শেষে ওই বছরের ৩১ আগস্ট শিক্ষক মিঠুকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আসামি মনোয়ারুল ইসলাম মিঠুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন বিচারক। একই সঙ্গে অর্থদণ্ডের টাকা ধর্ষণের শিকার ছাত্রীকে দেওয়ার আদেশ দিয়েছে আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম তুহিন বলেন, করোনার মধ্যে মিথ্যা তথ্য দিয়ে ঐ ছাত্রীকে স্কুলে ডেকে নিয়ে ধর্ষণ করেন শিক্ষক মিঠু। আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।
এসএম