জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত শিল্পমন্ত্রী

৭৫তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বর্ষীয়ান এই রাজনীতিবিদের জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার নরসিংদীর বেলাব উপজেলা মিলনায়তনে কেক কেটে এবং ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করা হয়।
সকালে অভিজ্ঞ এই রাজনৈতিক নেতার উপস্থিতিতে বেলাব উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের নিয়ে উদযাপিত হয় জন্মদিনের আনুষ্ঠানিকতা।
প্রথমে শিল্পমন্ত্রীকে ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে ৭৫টি গোলাপ ফুল উপহারের মাধ্যমে বরণ করা হয়। পরে কেক কেটে ফুলের তোড়া প্রদান করা হয়।
এ সময় উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান ভূঁইয়া, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ও নেতারা উপস্থিতি ছিলেন। অতিথিরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
মন্ত্রী বলেন, বেলাববাসীর ভালোবাসায় আমি মুগ্ধ। আপনাদের এ ভালোবাসার প্রতিদান হয়তো দিতে পারব না তবে সুখে-দুঃখে আমাকে সবসময় পাশে পাবেন। দীর্ঘদিন ধরে আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।
এসএম