‘খালেদা জিয়ার কিছু হলে দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে তার দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সাংবাদিক নেতারা (একাংশ)।
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তারা আরও বলেন, আপনি (প্রধানমন্ত্রী) যদি রাখে ‘আল্লাহ মারে কে’ -তে বিশ্বাস করেন তাহলে ৪০ বছর পর কেন আপনার বাবার হত্যার বিচার করলেন। আপনার ক্ষেত্রে এক বক্তব্য আর অন্যদের ক্ষেত্রে অন্য বক্তব্য সেটা তো মেনে নেওয়া যায় না।
সোমবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া সাংবাদিক সমাজের জন্য একটা সুদিন। তিনি সব ক্ষেত্রেই সাংবাদিকদের অবদান নিয়ে কথা বলেছেন। সাংবাদিক সমাজ তাই সব সময় তার সঙ্গে ছিল আর এখনও থাকবে। সরকার তার কোনো চিকিৎসার ব্যবস্থা করছে না। আর এটা হচ্ছে তার একজনের প্রতিহিংসার কারণে। উচ্চ আদালতের জামিন না দেওয়ায় আজ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে খালেদা জিয়া।’
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসারত রয়েছেন। বর্তমানে দেশে তার আর চিকিৎসার ব্যবস্থা নেই। সারা দেশের মানুষ তার চিকিৎসা চায়। অথচ দশজন অবৈধ মন্ত্রী তার চিকিৎসা নিয়ে নানা কটূক্তি করছে। এদেশের মানুষের জন্য খালেদা জিয়া সারাজীবন আন্দোলন করেছেন, করে যাচ্ছেন। কিন্তু এ সরকার এখন তাকে চিকিৎসা না দিয়ে হত্যার দিকে তিলে তিলে নিয়ে যাচ্ছে।’
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কাদের গণি চৌধরী বলেন, ‘সুস্পষ্টভাবে আজকের এ সমাবেশ থেকে বলতে চাই, গণতন্ত্রের মা খালেদা জিয়ার যদি কিছু হয় এর দায়-দায়িত্ব প্রধানমন্ত্রী আপনাকেই নিতে হবে।’
তিনি বলেন, ‘আপনি রাজনীতির ময়দান খালি করার জন্য প্রতিপক্ষকে কৌশলে হত্যা করবেন, এটা অনেক বছর আগে ছিল সেই অপসংস্কৃতি আবার আপনি শুরু করছেন। আজকের সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন এবং তার জীবন রক্ষার জন্য অবিলম্বে তাকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করুন। অন্যথায় এদেশের মানুষ আপনাকে ক্ষমা করবে না।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, বিএফইউজে মহাসচিব নুরুল আমিন রোকন, ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
এসএম