আইন প্রণয়নের প্রস্তাব দিতে পারে দুই দল

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে জাতীয় পার্টির পর আমন্ত্রণ পেয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ। জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে সংলাপের প্রথম দিন আমন্ত্রণ পেয়েছে জাতীয় পার্টি। বঙ্গভবনে আগামী ২০ ডিসেম্বর বিকেল ৪টায় শুরু হবে এ সংলাপ। জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সঙ্গে সংলাপ হবে ২২ ডিসেম্বর বিকেলে। গতকাল শুক্রবার রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে প্রথমে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। এরপর জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সঙ্গে সংলাপ হবে। নির্বাচন কমিশনে নিবন্ধিত অন্য দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
জাতীয় পার্টি ও জাসদ দুই দলই নির্বাচন কমিশন গঠনে সংবিধান অনুসারে আইন প্রণয়নের প্রস্তাব রাখবে বলে জানা গেছে।
এমবি