সমাজসেবার স্থগিত পরীক্ষা নিয়ে ঘুরপাক

দ্বিতীয়বারের মতো সারাদেশে ইউনিয়ন পর্যায়ে সমাজকর্মী নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ায় পরীক্ষার্থীদের মনে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এভাবে পরীক্ষা স্থগিত করায় চাকরি প্রার্থীদের মনোবল ভেঙে যাচ্ছে।
আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় শ্রেণির সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার রাতে হঠাৎ করে পরীক্ষা স্থগিত করা হয়।
চাকরি প্রার্থীদের অভিযোগ, পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। স্থগিতের আগেই ফেসবুকে প্রশ্ন পাওয়া যাচ্ছিল। এ ধরনের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের পেছনে শত শত কোটি টাকার ঘুষ লেনদেন হচ্ছে।
বৃহস্পতিবার রাতে পরীক্ষা স্থগিতের কথা জানিয়ে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও বিভাগীয় নিয়োগ কমিটির সভাপতি সৈয়দ মো. নূরুল বাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বিকেল ৩টায় সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
নোমান রুশাফী নামের এক চাকরিপ্রার্থী ফাঁস হওয়া প্রশ্নের একটি ছবি শেয়ার করে ফেসবুকে লিখেছেন, রাষ্ট্রযন্ত্রের কাছে আমার বিনীত জিজ্ঞাসা, বিসিএস পরীক্ষাই কি শুধু চাকরির পরীক্ষা? অন্যান্য পরীক্ষাগুলোকে কি পরীক্ষা মনে হয় না? এর জবাব কে দেবে? বিসিএস পরীক্ষা এতটা সতর্কতার সঙ্গে নেওয়া হলেও অন্যান্য চাকরির পরীক্ষাগুলো সেই ভাবে নেওয়া হয় না কেনো?
মো. আসাদুজ্জামান নামের একজন লিখেছেন, দেশটি কাদের দ্বারা, কাদের জন্য এবং কীভাবে পরিচালিত হচ্ছে? স্থগিত করতে করতে সন্ধ্যা হয়ে গেল! আর স্থগিত কেন করতে হলো! অনিবার্য কারণটি কী! প্রশ্ন ফাঁস? তাই যদি হয়, তবে ফাঁসে যারা জড়িত তাদের ফাঁসি কই? হ্যাঁ, আমি আবারও বলছি, তাদের ফাঁসি কই? রাষ্ট্রের অসীম ক্ষমতা তবে কাদের ওপর প্রয়োগ হবে?
আশিকুল ইসলাম তমাল নামে একজন চাকরি প্রার্থী বলেছেন, এভাবে সব নিয়োগ পরীক্ষায় জালিয়াতি হচ্ছে। দেখা গেছে, ভাগ বাটোয়ারায় মতের অমিল হলে এসব জালিয়াত প্রকাশ্যে আসছে। নয়তো গোপনেই এসব থেকে যাচ্ছে। সামনে আসছে বলে আমরা জানতে পারছি। যেগুলো সামনে আসে না, সেগুলো কেউই জানতে পারে না। এমন পরিস্থিতির দ্রুত পরিবর্তন জরুরি।
এর আগে ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার তিন দিন আগে তা স্থগিত করা হয়। আর এবার স্থগিত হলো পরীক্ষার আগের দিন।
সমাজসেবা অধিদপ্তর সমাজকর্মী ১৬তম গ্রেডের পদ। ৪৬৩টি শূন্য পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন। প্রতি পদের বিপরীতে প্রার্থী ১ হাজার ৪৩০ জন।
এমবি