আমি আমার কথা রাখতে পেরেছি- বিসিসি মেয়র সাদিক

বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, ‘আমি আপনাদের কথা দিয়েছিলাম। আমি আপনাদের এই কাজ কমপ্লিট করে দিয়ে যাবো। আমি আমার কথা রাখতে পেরেছি। এই ফ্ল্যাটে আপনাদের জীবন মান উন্নত হবে। আপনাদের যেই কষ্ট ছিলো সেই কষ্টটা আর থাকবে না। এখন পরিবেশটা সুন্দর করে রাখার দায়িত্ব আপনাদের।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে দুপুরে বরিশাল নগরীর কাউনিয়া জানুকীসিংহ রোড সংলগ্ন হরিজন সম্প্রদায়ের জন্য সেবক কলোনীতে ছয়তলা বিশিষ্ট দুটি ভবন উদ্বোধনকালে সিটি মেয়র এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ‘পরিচ্ছন্ন বরিশাল নগরীর অন্যতম দাবিদার হরিজনরা। তারা দিন-রাত পরিশ্রম করে এই শহরকে পরিচ্ছন্ন রাখছেন। এজন্য আমি ধন্যবাদ পাচ্ছি। কিন্তু এই ধন্যবাদ আপনাদের পাওয়া উচিত। আপনারাই ধন্যবাদ পাওয়ার দাবিদার। তাই আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কারণেই এই শহর পরিস্কার-পরিচ্ছন্ন।’
মেয়র বলেন, ‘আমি আপনাদের বাড়ি-ঘরে গিয়েছি, দেখেছি আপনারা কিভাবে এবং কতটা কষ্ট করে থাকেন। দুর্নীতির কারণে আমি অনেক কাজই বন্ধ করে রাখেছি। কিন্তু হরিজনদের কষ্টের কথা ভেবে পুরানো ঠিকাদার বাতিল করে নতুন ঠিকাদার দিয়ে আপনাদের জন্য দুটি ভবন নির্মাণ করে দিয়েছি।
হরিজনদের সব সময় পাশে থাকার আহ্বান জানিয়ে মেয়র বলেন, কিছুদিন আগে যে একটা ঘটনা ঘটেছিলো, তখন আপনারা যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন তা দেখে আমার কলিজাটা অনেক বড় হয়েগিয়েছিলো। আপনাদের জন্য আমি কিছু করতে পেরেছে বলেই আপনারা পাশে দাঁড়িয়েছিলেন। আমি ধন্যবাদ জানাই, আপনাদের জীবনমান যেন আরও উন্নত করতে পারি। আমাদের প্রধানমন্ত্রী আছেন বলেই আমরা এই কাজগুলি করতে পারতেছি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ এবং প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ অন্যান্য ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগ ও হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
সিটি কর্পোরেশনের প্রশাসনিক ও জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানিয়েছেন, ‘বরিশাল সিটি কর্পোরেশনের বাস্তবায়ণে মোট ১৪ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ৮২২ টাকা ব্যয়ে সেবক কলোনীতে ‘এ’ ও ‘সি’ নামে দুটি ভবন নির্মাণ করা হয়েছে। ভবন দুটিতে মোট ৯২টি ফ্ল্যাট ও কমিউনিটি সেন্টার রয়েছে।
কেআর