থাকছে না রাজধানীর কারওয়ান বাজার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, একটি সিটির মধ্যে এ রকম হোল সেল মার্কে থাকতে পারে না। রাজধানীর কারওয়ান বাজারকে অন্যত্র সরিয়ে নিয়ে এখানে আন্তর্জাতিক মানের একটি অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করা হবে।
শনিবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজারে মাস্ক ব্যবহারে জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
আতিকুল ইসলাম বলেন, আমরা চাচ্ছি কারওয়ান বাজারকে কীভাবে একটি আধুনিক মার্কেট করা যায়। কারওয়ান বাজারকে সরিয়ে গাবতলী এবং সায়েদাবাদে নিয়ে যাওয়া যায় এ রকম পরিকল্পনা শেষ পর্যায়ে। কারওয়ান বাজারকে সরিয়ে এখানে অত্যাধুনিক হাব বিজনেস সেন্টার হবে। সেই পরিকল্পনা আমরা করে ফেলেছি। আমি সবার সহযোগিতা চাই।
মেয়র বলেন, একটি সিটির মধ্যে এ রকম হোল সেল মার্কে থাকতে পারে না। দোকান মালিক সমিতি, এই এলাকার সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী—আমরা সবাই মিলে আলাপ করেছি। কারওয়ান বাজার সরিয়ে কীভাবে গাবতলী নিতে পারি, কারওয়ান বাজার সরিয়ে কীভাবে সায়েদাবাদে নিতে পারি এভাবে আমরা আবেদন করছি। আমরা মনে করি, ২০৪১ সালে উন্নত দেশ হবে বাংলাদেশ। তখন কিন্তু কারওয়ান বাজারের চেহারাও পাল্টে যাবে।
বিদ্যমান করোনা পরিস্থিতিতে জীবন রক্ষায় সঠিকভাবে মাস্ক পরিধান করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে শপিং মল, বাসস্ট্যান্ড ও কাঁচাবাজারসহ জনসমাগমস্থলে আজ থেকে একযোগে শুরু হওয়া এই ক্যাম্পেইন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। নিজে সুরক্ষিত থাকতে এবং অন্যকে সুরক্ষিত রাখতে সঠিকভাবে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। তাই ডিএনসিসির উদ্যোগে এরমধ্যেই প্রায় ৩২ লাখ মাস্ক বিতরণ করা হয়েছে।
এসএম