'স্বচ্ছ নির্বাচনের মানসিকতা সম্পন্নরাই যেন ইসির দায়িত্ব পান'
নির্বাচন কমিশন গঠনে মুক্তিযুদ্ধের পক্ষের, সৎ-নিষ্ঠাবানদের নাম প্রস্তাবের জন্য অনুসন্ধান কমিটির কাছে দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা।
নতুন নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের বাছাইয়ে আমন্ত্রিত শিক্ষক, আইনজীবী, নির্বাচন বিশেষজ্ঞ, ব্যবসায়ী, অধিকার কর্মী ১৪জনকে নিয়ে প্রথম বৈঠক করে অনুসন্ধান কমিটি।
আজ শনিবার বেলা সোয়া ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রথম বৈঠক হয়।
সার্চ কমিটির সাথে আলোচনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, আমরা প্রত্যেকেই আলাদাভাবে কথা বলার সুযোগ পেয়েছি। আমরা বেশির ভাগ মানুষ বলেছি। যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পাবেন তারা যেন আগের সরকারের আমলে বিশেষ সুবিধাভোগী না হন।
আসিফ নজরুল জানান, সভায় কোনো নাম প্রস্তাব করা হয়নি। তবে কী ধরনের নির্বাচন কমিশন করা দরকার সে নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। সভায় তারা এমন কাউকে নির্বাচন কমিশনে নিতে আপত্তি জানিয়েছেন যারা কোনো সরকারের আমলে সুবিধাভোগীর তালিকায় ছিলেন। এই নির্বাচন কমিশনে যারা আসবে তাদের যেন একটি স্বচ্ছ নির্বাচনের মানসিকতা থাকে।
এমইউআর