ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

Motobad news

‘শতভাগ শ্রমিককে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে’

‘শতভাগ শ্রমিককে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে’
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সরকার সফলতার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত শতভাগ শ্রমিককে করোনা ভ্যাকসিন দিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। একই সঙ্গে সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেশের শ্রম পরিস্থিতির উন্নয়নে কাজ করছে বলেও জানান তিনি। সোমবার (০৬ জুন) জেনেভায় আন্তর্জাতিক শ্রম সম্মেলনের এর ১১০তম অধিবেশনের প্ল্যানারি সেশনের বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্ব এবং সময়োপোযোগী পদক্ষেপের ফলে করোনা মহামারিকে সফলতার সঙ্গে মোকাবেলা করা সম্ভব হয়েছে। বাংলাদেশ আইএলও’তে কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলায় সময়াবদ্ধ রোডম্যাপ উপস্থাপন করেছে। গত মার্চে আইএলও এর গভর্নিং বডির সভায় রোডম্যাপ বাস্তবায়নের দ্বিতীয় অগ্রগতি প্রতিবেদনও উপস্থাপন করা হয়েছে।

দেশের আপামর জনসাধারণের সার্বিক জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করে প্রতিমন্ত্রী শ্রমিকের অধিকার সুরক্ষা, শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকের পেশাগত স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সরকার মালিক-শ্রমিকের ত্রিপক্ষীয় প্রচেষ্টাসমূহ গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন। একই সঙ্গে শিশুশ্রম নিরসন এবং কাজে যোগদানে ন্যুনতম বয়স নির্ধারণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। এছাড়া করোনা মহামারি মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিশেষ সাফল্যের কথা তুলে ধরেন তিনি।

শ্রম প্রতিমন্ত্রী তার বক্তৃতায় আইএলও এর নতুন মহাপরিচালক গিলবার্ট ফসুন হাংবোকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। আইএলও এর সব ইতিবাচক কাজে বাংলাদেশ নতুন মহাপরিচালককে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন এবং একই সঙ্গে বিদায়ী মহাপরিচালক গাই রাইডার এর কাজের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, বাংলাদেশ ইতোমধ্যে আইএলও এর ৮টি মৌলিক কনভেনশনের সবগুলো অনুসমর্থনকারী দেশের সংক্ষিপ্ত তালিকায় প্রবেশ করেছে। আন্তর্জাতিক শ্রম সম্মেলনের এবারের আলোচনায় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি, কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবেলা, শোভন কাজ, সামাজিক ও সংহতি অর্থনীতিতে শোভন কাজ এবং শিক্ষানবিশ কার্যক্রম প্রাধান্য পেয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন