বরিশালে গণহত্যা দিবস পালিত

সারাদেশের ন্যায় বরিশালেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।
জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. এবায়েদুল হক চাঁন, নুরুল আলম ফরিদ ও দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন আজ। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে পাক-হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ এর নামে নিরস্ত্র বাঙালিদের নির্বিচারে হত্যা করে।
তিনি বলেন, একাত্তরে মার্চের দিনগুলোতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল, তখন ২৫ মার্চ সন্ধ্যায় অসহযোগ আন্দোলনের মধ্যেই স্বৈরশাসক ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করেন। সেদিন মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিত পন্থায় বাঙালি হত্যার মহোৎসবে মেতে উঠেছিল। রক্তের স্রোতে ভাসিয়ে দিতে চেয়েছিল বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম। বিশেষ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা এবং রাজারবাগসহ সারাদেশে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হানাদার বাহিনীর অতর্কিত হামলায় শহিদ হন ছাত্র-শিক্ষক, পুলিশ ও সেনা সদস্যসহ হাজারো নিরপরাধ মানুষ। তখন আপোষহীন বাঙালিরা শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। সে ধারাবাহিকতায় দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করে আজকের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা বলেন, বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যে পাকিস্তানী হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ পরিচালনা করেন। ফলশ্রুতিতে বাঙালি জাতির জীবনে নেমে আসে বিভীষিকাময় ভয়াল কালরাত্রি।
পরে ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১২ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনকের তত্ত্বাবধানে গণহত্যা দিবসের উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
এইচকেআর