ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬

Motobad news

ঈদের ছুটির মাঝেই বরিশালে দুটি হত্যাসহ ১৪ মরদেহ উদ্ধার 

ঈদের ছুটির মাঝেই বরিশালে দুটি হত্যাসহ ১৪ মরদেহ উদ্ধার 
ছবি: প্রতীকী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঈদুল ফিতরের ছুটিতে বরিশাল বিভাগে একাধিক অপরাধের ঘটনা ঘটেছে। এর মধ্যে খুন, আত্মহত্যাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকলেও অপরাধীদের তৎপরতা থেমে থাকেনি।

গত ২১ মার্চ পালিত হয় ঈদুল ফিতর। ঈদ উৎসবকে ঘিরে টানা ৭দিনের ছুটির ফাঁদে পড়ে দেশ। ফলে ঈদ শেষ হয়ে মঙ্গলবার (২৪ মার্চ) খুলে অফিস পাড়া। তবে চলমান ঈদের ছুটির মাঝেই ঘটেছে ছোট বড় একাধিক ঘটনা। গত রোববার (২২ মার্চ) থেকে মঙ্গলবার (২৪ মার্চ) পর্যন্ত ঈদের ছুটি চলাকালীন পাওনা টাকা নিয়ে মেহেন্দিগঞ্জে পুলিশের সামনে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, বানারীপাড়ায় মুদিদোকানিকে হত্যা করা হয়। 

এছাড়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, পানিতে ডুবে মুত্যৃ, নদী থেকে নিখোঁজ পুলিশ সদস্য, জেলের মরদেহ উদ্ধারসহ  বিদ্যুতায়িত হয়ে তরুনের মৃত্যু, অজ্ঞাত লাশ এবং সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটেছে। 

ঈদের ছুটিতে ঘটে যাওয়া ঘটনা-
মেহেন্দিগঞ্জ: 
মেহেন্দীগঞ্জ পৌর এলাকার ১ নম্বর চরহোগলা গ্রামে পাওনা টাকা নিয়ে সালিস চলাকালে পুলিশের সামনে খোরশেদ সিকদারকে (৬০) লাথি দিয়ে মেরে ফেলার অভিযোগ বিএনপি নেতা জাহাঙ্গীর ও তাঁর ছেলেদের বিরুদ্ধে। গত রোববার বিকেলে এই ঘটনা ঘটে। পরে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত অভিযোগে মেহেন্দীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন হাওলাদারকে বহিষ্কার করেছে বিএনপি।  রোববার রাতে মেহেন্দীগঞ্জ পৌর বিএনপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে নিহত খোরশেদ সিকদারের মেয়ে বাদী হয়ে মেহেন্দীগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। তবে হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি মেহেন্দীগঞ্জ থানা-পুলিশ।  মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মনিরুজ্জামান বলেন, ওই ঘটনায় নিহত ব্যক্তির মেয়ে নাসিমা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এদিকে একই উপজেলার আলিমাবাদ ইউনিয়নের স্বাধীন বাজার এলাকায় সীমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে স্থানীয়রা রামবাবুর মাছের ঘেরের পাশের একটি বাড়ির বারান্দায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে।  তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

অপরদিকে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা জানিয়েছেন, বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নের বেবাজ গ্রামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মৃত সুমি আক্তার (২৪) স্থানীয় বাসিন্দা রুবেলের স্ত্রী। তবে সে কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে বিস্তারিত কোনো কারণ জানাতে পারেনি পুলিশ। এদিকে মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের উত্তর কাটাদিয়া গ্রামের আমির আলী খানের পরিত্যক্ত বাড়ির পূর্ব পাশে বাগানের ভেতর ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

চরামদ্দি ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীর হোসেন বলেন, রাতে এলাকার কয়েকজন ডোবায় একটি লাশ পড়ে থাকতে দেখে, স্থানীয় ইউপি সদস্যকে জানায়। পরে তিনি চরামদ্দি ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, লাশটি প্রায় এক মাস আগের হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। অর্ধগলিত হওয়ার কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 
এদিকে বরগুনার তালতলী উপজেলায় যৌতুকের দাবিতে নির্যাতন ও স্বামীর দ্বিতীয় বিয়ের হুমকিতে লামিয়া (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

নিহতের মা হামিদা বেগম বলেন, বিয়ের সময় তাদের সামর্থ্য অনুযায়ী স্বর্ণের আংটিসহ বিভিন্ন উপহার দেওয়া হয়েছিল। এরপরও তার মেয়ের ওপর নির্যাতন চালানো হয় এবং বারবার টাকা দাবি করা হতো। টাকার জন্যই তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে ও এর সঠিক বিচার চাই।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তালতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

এছাড়া গৌরনদীতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিলকিস বেগম (৩২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন-সোমবার (২৩ মার্চ) রাতে স্বামী মাইনুলের সঙ্গে ঝগড়া হয় বিলকিস বেগমের। ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে অভিমান করে রাতে কোনো এক সময় গলায় ফাঁস দিয়েছে বিলকিস।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বানারীপাড়া: 
বানারীপাড়া উপজেলায় মো. তৈয়ব বাহাদুর (৪৫) এক মুদিদোকানির গলায় রশি ও হাত পেছনে বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার উদয়কাঠী ইউনিয়নের একটি জলাশয়ে তাঁর মরদেহ পাওয়া যায়।
পুলিশ বলছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে রোববার হত্যা মামলা করেছেন।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, দোকানের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে একটি সংঘবদ্ধ চক্র তাঁর ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, নিহত ব্যক্তির গলায় রশি ও হাত পেছনে বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির ছোট ভাই মো. চান মিয়া বাহাদুর বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। 
মঠবাড়িয়া: 
পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃন্তিকা প্রমী (১৪) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ মার্চ) রাতে মঠবাড়িয়া দক্ষিণ বন্দর হাসপাতালের পিছনের রোডে ভাড়া বাসায় ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। 
নিহত বৃন্তিকা প্রমী উপজেলার শাখারীকাঠি গ্রামের শিক্ষক দম্পতি বিপুল কৃষ্ণ হাওলাদার ও কেয়া রায়ের  মেয়ে। নিহত প্রমী স্থানীয় কে এম লতিফ ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সুজন বিশ্বাস জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারন জানা যায়নি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
গৌরনদী: 
গৌরনদী উপজেলার খাঞ্জাপুরে পানিতে ডুবে প্রাণ গেছে দুই ভাইয়ের। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রমজান উপজেলার ভুরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে ও অপর শিশু মোহাম্মদ একই উপজেলার গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, গৌরনদীর পূর্ব ডুমুরিয়া এলাকার দুখাই হাওলাদারের বাড়িতে পরিবারের সঙ্গে বেড়াতে আসে রমজান ও মোহাম্মদ। মঙ্গলবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরিবারের লোকজন ভাসমান অবস্থায় দুইজনকে উদ্ধার করে পাশের মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাবিরা বানী বলেন, হাসপাতালে আনার অনেক আগেই দুই শিশু মারা যায়। স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
লালমোহন: 
লালমোহন উপজেলার মেঘনা নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজের দুই দিন পর পুলিশের কনস্টেবল ফখরুল ইসলামের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাঁর সঙ্গে থাকা শটগান ও ১০টি গুলির সন্ধান মেলেনি। গত শুক্রবার সন্ধ্যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলাসংলগ্ন মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ফখরুল ইসলাম লালমোহনের মঙ্গল সিকদার পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। 
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে তাঁর ব্যবহৃত শটগান ও গুলি উদ্ধার করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোলা: 
গত শুক্রবার সাগরমোহনায় তীব্র ঢেউয়ের গর্জনের ভিতর প্রতিকূলতা পেরিয়ে চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের জেলে নুরে আলম (৫৫) ছোট্ট নৌকায় দুই ছেলে শাহিন ও শাকিলকে নিয়ে পাড়ি জমান। দক্ষিণের সাগরমোহনায় উত্তাল হয়ে ওঠে নদী। বিশাল ঢেউ আছড়ে পড়ে নৌকার ওপর এক নিমেষেই ডুবে যায়।  প্রকৃতির নির্মমতার কাছে শেষ পর্যন্ত হার মানেন নুরে আলম। লাশ হয়ে ঘরে ফেরেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমোহন: 
লালমোহন উপজেলায় বিদ্যুতায়িত হওয়া মামাকে বাঁচাতে গিয়ে মো. সোহাগ (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লেংগুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই এলাকার মো. কাঞ্চন মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত সোহাগের মামা মো. মিজান (২৮)। লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মঠবাড়িয়া:  
মঠবাড়িয়া-সাপলেজা সড়কে গত সোমবার রাতে দুর্ঘটনায় আহত আলমগীর জমাদ্দারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরপরই তিনি মারা যান। নিহত আলমগীর জমাদ্দার আমড়াগাছিয়া ইউনিয়নের মধ্য সোনাখালী গ্রামের বাসিন্দা।
এর আগে সোমবার রাতে মঠবাড়িয়া-সাপলেজা সড়কের বিশ্বাস বাড়ি নামক স্থানে অটো ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন