বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার
বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজনসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাত ৮টা থেকে ২ ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল।
বিএমপি মিডিয়া সেল জানায়, গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের ৪টি থানা ও গোয়েন্দা শাখা নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ৫ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানায় ৩ জন, নিয়মিত ও পূর্বের মামলায় ৪ জন, অন্যান্য আইনে ১ জন এবং মহানগর অধ্যাদেশ আইনে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এইচকেআর