হিজলায় সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য, হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু সিকদার (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯ টার সময় ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে হৃদরোগ ও বার্ধক্যজনিত নানা রোগে তিনি ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বর্ণাঢ্য এই রাজনৈতিক নেতার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে হিজলা উপজেলা আওয়ামী লীগসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সুলতান মাহমুদ টিপু সিকদার দীর্ঘদিন ধরে হিজলা উপজেলা আওয়ামী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।
তিনি দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন। আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতারা বলেন তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে।
এইচকেআর