ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

Motobad news

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার পাথরঘাটা এলাকার একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে ৮ জনকে অপর একটি মাছ ধরার ট্রলারের জেলেরা উদ্ধার করতে পারলেও পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। এর আগে, একই দিন দুপুরে পাথরঘাটা উপকূল থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, চারদিন আগে পাথরঘাটা থেকে ১৩ জন জেলেকে নিয়ে এফবি বরকত নামের ট্রলারটি সমুদ্রে মাছ শিকারে যায়। পরে মাছ ধরার জন্য সাগরে ট্রলারটি নোঙর করে রাখা হয়। এ সময় সাগর উত্তাল থাকায় হঠাৎ ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে আটজন সাঁতরে কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারে উঠতে সক্ষম হন। তবে বাকি পাঁচ জেলে সাগরে নিখোঁজ হন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সাংবাদিকদের  বলেন, ‘সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে পাথরঘাটার একটি ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়েছি। নিখোঁজ জেলেদের উদ্ধারে পাথরঘাটা থেকে এফবি জহুরা নামে একটি ট্রলার পাঠানো হয়েছে।’

তিনি জানান, নিখোঁজ পাঁচ জেলের পরিচয় শনাক্তের পাশাপাশি তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন