শেবাচিমে নেয়া হবে আরও ৬০ জন আনসার

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনার পর নিরাপত্তার জন্য আরও ৬০ জন আনসার সদস্য নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালে নিরাপত্তার স্বার্থে আগে ৪০ জন আনসার সদস্য নেওয়া হয়েছিলো। তবে এত বড় হাসপাতালে এই অল্প সংখ্যক আনসার সদস্য দিয়ে নিরাপত্তা দেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। তাই নিরাপত্তার স্বার্থে আরও ৬০ জন আনসার সদস্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অতি শিগগিরই তাদের হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত করা হবে।
শের-ই০বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিন আহম্মেদ খান বলেন, শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক কলেজ ছাত্রের স্বজনরা আমাদের উপর হামলা করেছে এবং হুমকি দিয়েছে। এতে আমরা আতংকিত। মেয়র সাদিক আব্দুল্লাহ আমাদের আশ্বাস দিয়েছে নিরাপত্তা নিশ্চিতে। তাছাড়া এক এক জন রোগীর সাথে স্বজন থাকে ৫-১০ জন করে।
এতে চিকিৎসা সেবা ব্যহত হয়। কিছু হলেই হুলস্থুল কান্ড শুরু করে দেয়। আমরা চাই রোগীর সাথে সর্বোচ্চ দুইজন স্বজন থাকুক। পাশাপাশি হাসপাতালে আনসার সদস্য বৃদ্ধি করলে আমাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হবে।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, হাসপাতালের পরিচালক ও ইন্টার্নদের সাথে কথা বলেছি। সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তাছাড়া ১৬ জুন হাসপাতালে মিটিং রয়েছে, সেখানে আবুল হাসানাত আব্দুল্লাহ থাকবেন। ওই মিটিংএ সব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
এএজে