ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Motobad news

জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত !

জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত !
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) প্রতিদিন শতকোটি টাকা লোকসান দিচ্ছে। বিপিসির লোকসান কে নেবে?’

প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রাহকরা কোনো চাপে পড়ুক সরকার তা চায় না। এই সময়ে মূল্য সমন্বয় করব কিনা, সেটা আগে ভাবতে হবে। এ নিয়ে কাজ করছে সরকার। গ্রাহকের জন্য যেন দাম সহনীয় পর্যায়ে থাকে সে বিষয়টি আগে দেখা হবে।’

আজ মঙ্গলবার বিদ্যুৎ ভবনে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘সরকার চায় দক্ষিণাঞ্চলে মানুষের ভাগ্য উন্নয়ন করতে। পায়রা বন্দর শুধু একটা বন্দর নয়, পায়রা কেন্দ্র করে বিশাল কর্মযজ্ঞ চলছে। ওই অঞ্চলের চেহারা বদলে যাচ্ছে। দেশের উন্নয়নের জন্য সারা দেশে কানেকটিভিটি দরকার। সারা দেশে কানেকটিভিটি করতে কাজ করে যাচ্ছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু দিয়ে গ্যাস সঞ্চালন লাইন নেওয়া হয়েছে। অন্যদিকে, ভোলার গ্যাস কীভাবে বরিশাল হয়ে পটুয়াখালী নেওয়া যায় সে লক্ষ্যে কাজ চলছে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিপিএমআই রেক্টর মো. মহসিন চৌধুরী, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিডিবির সাবেক সদস্য প্রকৌশলী আনোয়ারুল ইসলাম।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন