আবারও ব্যর্থ মুমিনুল, ফিরলেন ৪ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির তৃতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। তবে এবারও ব্যর্থ সাবেক অধিনায়ক মুমিনুল হক। প্রথম ইনিংসে শূন্যের পর দ্বিতীয় ইনিংসে ৪ রানে ফিরলেন তিনি। কাইল মেয়ার্সের বলে এলবি হন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৬ রান করেছে বাংলাদেশ। এখনও ৮৬ রানে পিছিয়ে রয়েছে তারা। মাহমুদুল হাসান জয় (২৮) ও লিটন দাশ (১) ব্যাটিংয়ে আছেন।
এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সফরকারীরা দিনের শুরুতে হারিয়েছে নাজমুল হোসেন শান্তকে। কাইল মেয়ার্সের বলে ব্যক্তিগত ১৭ রানে জন ক্যাম্পবেলকে ক্যাচ দেন এই বাঁহাতি। তিনি ৪৫ বলে ৩টি চার হাঁকিয়েছেন।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শনিবার ম্যাচের তৃতীয় দিন ৫০ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিংয়ে নামে। দ্বিতীয় দিন জয় ১৮ ও শান্ত ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিল।
এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হওয়ার পর ক্যারিবীয়রা ২৬৫ রানে প্রথম ইনিংসে থামে।