ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Motobad news

থানায় না গিয়েই করতে পারবেন জিডি

থানায় না গিয়েই করতে পারবেন জিডি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

থানায় না গিয়ে কোনো ঝামেলা অথবা প্রশ্নের পর প্রশ্নের উত্তর না দিয়েই ঘরে বসে একজন নাগরিক সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন। দীর্ঘ প্রতীক্ষার পর সারাদেশের প্রতিটি থানায় চালু হচ্ছে অনলাইন জিডি।

সেবাটি চালু হলে ভুক্তভোগী নাগরিককে থানায় যাওয়া লাগবে না। খুব সহজেই ঘরে বসে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে দেশের যেকোনো নাগরিক জিডি করতে পারবেন।

মঙ্গলবার (২১ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেবার উদ্বোধন করবেন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, কাল প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে পদ্মা সেতু (উত্তর) থানা ও পদ্মা সেতু (দক্ষিণ) থানার কার্যক্রম, বাংলাদেশ পুলিশের দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি গৃহ হস্তান্তর, পুলিশ হাসপাতালগুলোর আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল, ছয়টি নারী ব্যারাক এবং অনলাইন জিডি কার্যক্রম উদ্বোধন করবেন।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, জেনারেল ডায়েরি (জিডি) মানে সাধারণ বিবরণ। হুমকি, হারানো জিনিস উদ্ধারসহ নানা সমস্যায় নাগরিক পুলিশি সহযোগিতার আশায় নিকটস্থ থানায় জিডি করেন। তাদের মধ্যে অনেকেই জানেন না থানায় গিয়ে কীভাবে জিডি করতে হয়। ২০১৬ সালে দেশের প্রতিটি থানায় সরবরাহ করা হয় জিডি বুক। এর মধ্যেই চলতে থাকে অনলাইন জিডি চালুর প্রক্রিয়াও।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটুআই প্রকল্পের অংশ হিসেবে ছয় বছর আগে অনলাইন জিডি চালুর ঘোষণা আসে। ২০১৬ সালে ডিএমপি জানিয়েছিল, তাৎক্ষণিকভাবে কেউ থানায় যেতে ব্যর্থ হলে অনলাইনের মাধ্যমে জিডি করতে পারবেন। এমনকি দেশের বাইরে থেকেও জিডি করা যাবে। এছাড়া সরাসরি পুলিশ সদর দপ্তরে ফ্যাক্স ও ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে।

জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস ও মিডিয়া আ্যন্ড প্ল্যানিং) মো. হায়দার আলী খান বলেন, আগামী ২১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সব থানায় অনলাইন জিডির উদ্বোধন করবেন। এরপর থেকে দেশের সব নাগরিক অনলাইনে জিডি করতে পারবেন।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন