বরিশালে মাঝারি বৃষ্টিপাতে জনজীবনে স্বস্তি

অবশেষে বৃষ্টিপাতের দেখা মিলেছে বরিশালে। আর এর ফলে স্বস্তি মিলল নাগরিক জীবনে।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আজ সোমবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়। এখনও
থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।
এর আগে সন্ধ্যা থেকে প্রথমে দু-এক ফোঁটা বৃষ্টি শুরু হয়। পরে রাত সোয়া আটটার দিকে শুরু হয় মাঝারি ধরনের বৃষ্টি। এতে জেলার তাপমাত্রা কিছুটা কমেছে।
তীব্র তাপপ্রবাহের কারণে বেশকয়েকদিন থেকেই বিপর্যস্ত হয়ে পড়েছিল বরিশালের জনজীবন। হাঁস-ফাঁস অবস্থা সৃষ্টি হয় প্রাণীকুলে। অবশেষে আজকের এই বৃষ্টিপাত যেন আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে।
বরিশাল আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরিশালে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বরিশালে বজ্রসহ ভারী এবং অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে সোমবার বিকাল তিনটা পর্যন্ত বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টিপাতের ফলে এরইমধ্যে কমতে শুরু করেছে তাপমাত্রা। অব্যাহত বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে নেমে আসবে- এমন আশা নগর ও জেলাবাসীর।
এমবি